কিয়ানু রিভসকে বহুদিন পর দেখা গেল গিটার হাতে। বটলরক নাপা ভ্যালি ফেস্টিভ্যালে তিনি পারফর্ম করলেন ডগস্টার ব্যান্ডের সঙ্গে। প্রায় ২০ বছরেরও বেশি সময় পর তাকে জনসমক্ষে পারফর্ম করতে দেখা গেল। তার ব্যান্ডমেট রবার্ট মেইহাউজকে দেখা যায় পারফরম্যান্সের আগে কিয়ানুকে তিনি কিছু পরামর্শ দিচ্ছেন। পরে সান ফ্র্যান্সিসকো ক্রনিকলকে কিয়ানু বলেন, ‘সে খুবই ইতিবাচকভাবে বিষয়টি দেখছিল। আমাকে বলেছিল শুধু মিউজিকে মনোযোগ দিতে। সে বলছিল, গানের সঙ্গে থাকো। বাকিটা নিজে থেকে হয়ে যাবে।’
ডগস্টার ব্যান্ডটি ১৯৯১ সালে তৈরি হয়েছিল। এ ব্যান্ডের শুরু হওয়ার ঘটনাটি আগ্রহোদ্দীপক। রিভস ও মেইহাউজের দেখা হয় একটি সুপারমার্কেটে এবং সেখান থেকেই তাদের বন্ধুত্ব। রিভস এ ব্যান্ডের ব্যাসিস্ট হওয়ার পাশাপাশি ব্যাকআপ ভোকাল ও মেইহাউজ ড্রামার হিসেবে কাজ করেন।
লিড গিটারিস্ট ও মেইন ভোকাল হিসেবে গ্রেগ মিলার ব্যান্ডে যোগ দেন এর এক বছর পর। কিন্তু তিন বছরের মাথায় ব্যান্ডটি ভেঙে যায়। মিলার ১৯৯৫ সালে ব্যান্ড থেকে বেরিয়ে যান। ব্রেট ডমরোজ ১৯৯৪ সালে ডগস্টারে গিটারিস্ট ও ভোকাল হিসেবে যোগ দেন। মিলার চলে যাওয়ার পর তিনিই প্রধান ভোকাল হয়ে ওঠেন। সিনেমায় ব্যস্ত হয়ে যাওয়ার পর কিয়ানুরও এ ব্যান্ডের সঙ্গে পারফর্ম করার পরিমাণ কমতে থাকে।
সম্প্রতি রিভস এ ব্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ব্যান্ডে তার অংশগ্রহণের কথাও বলেন। বিলবোর্ডকে দেয়া সাক্ষাৎকারে রিভস বলেন, ‘আমি একসঙ্গে গান করার সময়গুলো মিস করি। একসঙ্গে লেখার সময়গুলোও মিস করি। একসঙ্গে শো করার বিষয়টি আরো মিস করি।’ এরপর কোনো কারণে তাদের ব্যান্ডের পুরনো সময় ছিল না। তিনি বলেন, ‘একটা সময় আমরা আর একসঙ্গে কাজ করিনি। এরপর যখন সুযোগ পেলাম মনে হলো এখন কাজটা করা যায়।’
ডগস্টার ব্যান্ডের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আরো সুযোগ তৈরি হতে পারে। রিভস বলেন, ‘আমার মনে হয় আমরা তিনজনই আবার নতুন করে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আমরা একটা রেকর্ডিংয়ে যাব।’
সূত্র: ডেডলাইন










