অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন রাঘব ও পরিণীতি। অভিনয় ও রাজনৈতিক অঙ্গন মিলে তৈরি এ জুটির নাম দেয়া হয়েছে রাঘ-ণীতি। পরিণীতি গতকাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন। ছবিতে তাদের পোশাক ও দুজনের লুক নজর কেড়েছে সবার। এ ছবিতেই দেখা যায় পরিণীতির ঘোমটায় এমব্রয়ডারি করা আছে রাঘবের নাম।

বিয়েতে পরিণীতি পরেছিলেন ‘‌পার্ল হোয়াইট পোশাক’। পুরো বিষয়টাকেই বলা হচ্ছে ‘‌পার্ল হোয়াইট ওয়েডিং’। পরিণীতি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌সকালের নাশতার টেবিলে প্রথম কথা থেকেই আমরা জানি। বহুদিন ধরে এ দিনের অপেক্ষায়ই ছিলাম। অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার সৌভাগ্য পেলাম। পরস্পরকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের চিরদিনের যাত্রা হলো...’

এ বিয়ের পোশাক নকশা করেছেন মনীশ মালহোত্রা। একে বলা হচ্ছে মনিশ মালহোত্রা ওয়েডিং অনসম্বল। বিয়েতে পরিণীতি পরেছিলেন ক্রিমরঙা লেহেঙ্গা। তাতে ছিল জ্যামিতিক নকশা।

মনিশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গাটি উপস্থিত সবার নজর কেড়েছে। বিয়েতে উপস্থিত অতিথীদের মধ্যে মনীশও ছিলেন। পরিণীতির গলার হারে ছিল সবুজ রংয়ের পান্না। মাথায় ছিল টিকলি। রাঘবের পরনে ছিল আইভরি রংয়ের শেরওয়ানি । 

তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল কনের মাথার দীর্ঘ ঘোমটা। এতে সোনালি সুতায় এমব্রয়ডারি করে লেখা ছিল স্বামী রাঘবের নাম । 

মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে রাঘ-ণীতির বিয়ের দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। তোমাদের অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা ও আশীর্বাদ। তোমার বিয়ের পোশাক নিয়ে আমার স্টুডিও ও বাড়িতে আমাদের সব আলোচনা... আমাদের আনন্দ এবং আমার ডিজাইন করা ও স্কেচ করা জ্যামিতিক জটিল শিল্পের কাজ থেকে পান্না গহনা সবকিছুর প্রতি তোমার ভালোবাসা.. এগুলো আমার জীবনের সমস্ত ভালোবাসাময় স্মৃতি... তোমার জন্য শুধু ভালোবাসা।’

সূত্র: হিন্দুস্তান টাইমস