বিয়ের প্রস্তুতি শেষ হয়েছে ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের। এবার একসঙ্গে দুজনকে দেখার অপেক্ষায় অনুরাগীরা। তবে এখন পর্যন্ত বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে এ জুটি। শোনা যাচ্ছে বিয়েতে আসা অতিথিদের জন্য থাকছে ৫৯ শর্ত। এটা কি শুধু পাপ্পারাজিদের নজর এড়াতেই, নাকি অন্য কোনো কারণ তা নিয়ে চলছে জল্পনা।

এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, ক্যাটরিনা ও ভিকিকে একটি ওটিটি প্লাটফর্ম তাদের বিয়ের ফুটেজের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছে।

পিংভিলার সূত্রমতে, পশ্চিমা দেশগুলোর তারকাদের মধ্যে তাদের বিয়ের ভিডিও ও ছবি ম্যাগাজিন এবং বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য বিক্রি করে দেয়ার রীতি রয়েছে। কারণ ভক্তরা তাদের আইডলদের জীবনের বিশেষ এ অধ্যায়ের খুঁটিনাটি জানতে আগ্রহী। স্ট্রিমিং প্লাটফর্মগুলো ভারতেও বিষয়টির প্রচলন করার পরিকল্পনা করছে। ভিক্যাটের বিয়ের আসরে কী কী ঘটছে, সেটা ভক্তদের দেখাতে চায় তারা। তাই ভিকি ও ক্যাটরিনাকে তাদের বিয়ের অনুষ্ঠানের ফুটেজের জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি ওটিটি প্লাটফর্ম। তবে ভিকি-ক্যাট ওটিটি প্লাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কিনা, তা এখনো স্পষ্ট নয়। এর আগে দীপিকা ও রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল ওটিটি প্লাটফর্মটি। তবে তাতে তখন সাড়া দেননি দীপবীর।

জানা গেছে, ৬-৯ ডিসেম্বর পর্যন্ত রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার বারবারা সিক্স সেন্সেস ফোর্ট বুক করেছেন ভিক্যাট। টানা তিনদিন, অর্থাৎ ৭, ৮, ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের আয়োজন। সূত্রের খবর অনুসারে, গতকাল অনুষ্ঠিত হয়েছে সংগীতের অনুষ্ঠান, আজ হবে মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এ তারকা জুটি। ১০ ডিসেম্বর নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনার মধ্যে দিয়ে শেষ হবে অনুষ্ঠান।

এদিকে বিয়ের আগে আইনি জটিলতার মুখে পড়েছেন বলিউড যুগল। শুধু ভিক্যাট নন, সিক্স সেন্সেস রিসোর্টের ম্যানেজার এবং সাওয়াই মধুপুর জেলা কালেক্টরের নামে অভিযোগ দায়ের করেছেন নেত্রবিন্দু সিং যাদয়া নামে রাজস্থানের এক আইনজীবী। আইনজীবীর অভিযোগ ভিকি-ক্যাটের বিয়ের অনুষ্ঠানের কারণে একটি নির্দিষ্ট রাস্তা বন্ধ করা হয়েছে। এ রাস্তা সোজা চৌথ কা বারওয়াড়া নামের এক মন্দির পর্যন্ত যায়, যেখানে নিয়মিত ভক্ত ও প্রচুর দর্শনার্থী জড়ো হন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া