এবার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য বই প্রকাশের উদ্যোগ নিয়েছে সিসিমপুর। উদ্যোগের অংশ হিসেবে সিসিমপুরের জনপ্রিয় ১০টি বই ব্রেইল পদ্ধতিতে প্রকাশ হবে। সিসিমপুরের জন্য এ ব্রেইল বইগুলো তৈরি করবে স্পর্শ ফাউন্ডেশন। এগুলো দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের স্কুলগুলোয় বিনামূল্যে বিতরণের জন্য প্রকাশ হচ্ছে। পরবর্তী সময়ে বইমেলায় পাওয়া যাবে এসব বই।

এ উপলক্ষে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কার্যালয়ে সিসিমপুর এবং স্পর্শ ফাউন্ডেশনের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। সিসিমপুরের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম এবং স্পর্শ ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাজিয়া জাবীন। 

সিসিমপুরের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বাংলাদেশের সব শিশুর কাছে পৌঁছাতে চায় সিসিমপুর। ব্রেইল বই প্রকাশ করার মাধ্যমে আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে গেলাম।’

সিসিমপুরের ব্রেইল বই প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্পর্শ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাজিয়া জাবীন বলেন, ‘‌এ উদ্যোগের ফলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরাও এখন সিসিমপুরের মজার মজার বই পড়তে পারবে।’

ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নির্মিত হয় সিসিমপুর। তিন-আট বছর বয়সী বাংলাদেশী শিশুদের জন্য এটি একটি প্রাক-শৈশব শিক্ষা কর্মসূচি। ২০০৫ সালের ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সিসিমপুরের প্রচার শুরু হয়। বেশ কয়েক বছর ধরে বিটিভির পাশাপাশি বেসরকারি চ্যানেলে সিসিমপুর দেখানো হয়। বর্তমানে সিসিমপুর প্রচার হয় বিটিভি, দুরন্ত ও মাছরাঙা টেলিভিশনে।