এপ্রজন্মের আলোচিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। এবারই প্রথম স্টেজ শোয় সংগীত পরিবেশন করতে যুক্তরাজ্যের উদ্দেশে গতকাল রাতে রওনা হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন ঐশী। তিনি জানান, আগামীকাল যুক্তরাজ্যের লন্ডনে ও আগামী ২ জুন বার্মিংহামে ‘ফোক কনসার্ট’-এ সংগীত পরিবেশন করবেন তিনি। এ বিষয়ে নিশ্চিত করেছেন তারই মা নাসিমা মান্নান। তিনি জানান, প্রথমবার ঐশী লন্ডনে যাচ্ছেন তার পুরো ‘ঐশী এক্সপ্রেস’ টিম নিয়ে। পরপর দুটি শো শেষে ৪ জুন দেশে ফিরবেন তারা। দেশে ফিরে ঈদের পর ৯ জুন টাঙ্গাইলের মধুপুরে সংগীত পরিবেশন করবেন ঐশী। এদিকে কিছুদিন আগেই এ গায়িকা সৌদি আরবের জেদ্দায় ‘ইউর পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শোয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করেছেন, যা তার কাছে অবিস্মরণীয় এক স্মৃতি হয়ে রয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্য সফর, জেদ্দা সফরসহ অন্যান্য প্রসঙ্গে ঐশী বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় যে শোয় আমি সংগীত পরিবেশন করেছি, আমি মনে করি এটা ছিল আমার লাইফটাইম অ্যাচিভমেন্ট। কারণ এমন বিশাল বড় স্টেজে বিভিন্ন দেশের প্রখ্যাত সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন। সেখানে একজন বাংলাদেশী শিল্পী হিসেবে নিমন্ত্রণ পাওয়া আর বিরাট বড় স্টেজের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গানে গানে শ্রোতা দর্শককে মাতিয়ে রেখে আয়োজক এবং দর্শককে সন্তুষ্ট করে আসতে পেরেছি, এটাই ছিল আমার অ্যাচিভমেন্ট। যুক্তরাজ্যে অনেক আগে থেকেই আমার গানের অনেক ভক্ত রয়েছে। আরো আগেই আসলে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাটে বলে মিলে যাওয়ায় এবারই প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে পুরো টিম যাচ্ছে। একটু খারাপ লাগছে রব্বানীর জন্য। শোটা যেহেতু ফোক গানের। তাই ফোকগান, লোক গান গাওয়ার পাশাপাশি নিজের গান গাইব। সেই সঙ্গে সেখানে যেহেতু অনেক সিলেটি প্রবাসী ভাই-বোন রয়েছে, তাদের অনুরোধেও গান গাইব। ফিরে এসে মধুপুরে তো যাচ্ছিই। আশা করছি যুক্তরাজ্যের শো ভালোভাবে শেষ করে ফিরে এসে দেশেও ব্যস্ত সময় কাটবে।’
যুক্তরাজ্যে প্রথমবার গাইবেন ঐশী
এপ্রজন্মের আলোচিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী।










