পশ্চিমবঙ্গের বাংলা ব্যান্ডের অন্যতম আলোচিত নাম চন্দ্রবিন্দু। এ ব্যান্ডের গান বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়। শ্রোতাদের জন্য সুখবর হচ্ছে, এক যুগ পর অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য ও উপলরা ফিরছেন নিজেদের দশম অ্যালবাম নিয়ে।
খুব শিগগির নিজেদের দশম অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন করবেন চন্দ্রবিন্দু সদস্যরা। অনিন্দ্য, উপল, চন্দ্রিল ছাড়াও রেকর্ডিংয়ে থাকবেন ব্যান্ডের গিটারিস্ট সুরজিৎ মুখোপাধ্যায়, বেস গিটারিস্ট অরূপ পোদ্দার, ড্রামার রাজশেখর কুণ্ডু, কি-বোর্ড প্লেয়ার শিবব্রত বিশ্বাস ও পারকাশনিস্ট সৌরভ চট্টোপাধ্যায়।
প্রায় এক যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ নিয়ে উপল বলেন, ‘আমাদের শেষ অ্যালবাম রিলিজের পর অনেকটা সময় পার করে ফেলেছি। আমরা মাঝে অনেক গান বানিয়েছি, কিন্তু ‘নয়’-এর পর আর অ্যালবাম তৈরি করা হয়ে ওঠেনি। আমাদের অনুরাগীরা লম্বা সময় ধরেই চাইছেন একটা অ্যালবাম নিয়ে আসি। সম্প্রতি আমি, অনিন্দ্য আর চন্দ্রিল ভাবলাম এবার একটা অ্যালবাম রেকর্ড করা যাক।’
আসছে সেপ্টেম্বরে শ্রোতাদর্শকরা অ্যালবামটির নাগাল পাবেন। জানা যায়, বছর পাঁচেক আগেই দশম অ্যালবামের প্রস্তুতি শুরু করেছিল চন্দ্রবিন্দু, কিন্তু কাজ মাঝপথে থেমে যায়। তবে এখন নতুন উদ্যমে ফিরতে তৈরি তারা।
‘ভিনদেশী তারা’ কিংবা ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়’ গানগুলো বাংলাদেশী শ্রোতাদের কাছেও ভীষণ জনপ্রিয়। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল চন্দ্রবিন্দুর প্রথম অ্যালবাম ‘আর জানি না’। তবে দ্বিতীয় অ্যালবাম ‘গাধা’য় ভর করে জনপ্রিয়তা পান উপলরা। তাদের অষ্টম অ্যালবাম ‘U/A’ দুর্দান্ত সাড়া ফেললেও নবম অ্যালবাম শ্রোতাদের মনে দাগ কাটেনি। ১২ বছর পর সে কালো দাগ মুছে ফেলতে বদ্ধপরিকর অনিন্দ্য-উপলরা।










