‘রকি’ চলচ্চিত্রে কমান্ডো রকি বালবোয়ার প্রিয় বন্ধু পাওলি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বার্ট ইয়ং। শুধু যে জনপ্রিয় হয়েছেন এমনই নয়, একাডেমি অ্যাওয়ার্ডে পেয়েছিলেন সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন। সেই অভিনেতা গত ৮ অক্টোবর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। খবর দ্য গার্ডিয়ান। 

বার্টের মেয়ে অ্যান মোরিয়া স্টেইনজিজার গতকাল বুধবার নিউইয়র্ক টাইমসের কাছে খবরটি নিশ্চিত করেছেন। জানান, অভিনেতা গত ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে মারা যান। তবে মৃত্যুর কোনো কারণ জানাননি।

বার্টের পারিবারিক নাম জেরাল্ড টামাসো ডিলুই। ১৯৪০ সালের ৩০ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে তার জন্ম। পরের দশকের শেষ দিকে মার্কিন মেরিন কর্পসে কাজ করেছেন।

লি স্ট্রাসবার্গের অ্যাক্টরস স্টুডিওতে পড়াশোনা করেছিলেন বার্ট। পরবর্তী সময়ে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৭৬ সালের চলচ্চিত্র ‘রকি’তে পাওলি পেনিনো চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন এই গুণী অভিনেতা। ওই সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ইনস্টাগ্রামের এক পোস্টে তার সহকর্মী বার্ট ইয়ংয়ের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন করেছেন। লেখেন, তুমি একজন অসাধরণ মানুষ ও গুণী শিল্পী। আমিসহ বিশ্ববাসী তোমার শূন্যতা অনুভব করবে।

বার্ট ইয়ং ‘রকি’ সিনেমার সবকিছু ছবিতে অভিনয় করেছিলেন। তার অভিনীত অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে চায়নাটাউন, দ্য পোপ গ্রিনউইচ ভিলেজ ও ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা। এছাড়া দ্য রকফোর্ড ফাইলস, বারেটা ও ল অ্যান্ড অর্ডারের মতো অনেক টিভি সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

জীবনের শেষ দিকে এসে চিত্রশিল্পী হিসেবেও বেশ নাম করেছিলেন বার্ট ইয়ং। বিশ্বের নামী গ্যালারিতে তার কাজ প্রদর্শিত হয়েছিল।