রাজকুমার রাও এখন দেরাদুনে শুটিং করছেন ‘বাধাই দো’ ছবির। এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। এ অভিনেতা সম্প্রতি আরো কাজ করছেন প্রিয়াংকা চোপড়া, জাহ্নবি কাপুর, ও কৃতি শ্যাননের মতো তারকাদের সঙ্গে। বাধাই দো ছবির শুটিংয়ে থেকেই সম্প্রতি সাক্ষাত্কার দিয়েছেন টাইমস অব ইন্ডিয়াকে। কথা বলেছেন প্রিয়াংকা চোপড়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তার শাহরুখ খানপ্রীতি নিয়ে।

প্রিয়াংকা চোপড়ার আচরণে মুগ্ধ হয়েছেন রাজকুমার। তার কথায়, ‘প্রিয়াংকা একজন অসাধারণ মানুষ। তিনি একজন আন্তর্জাতিক তারকা, কিন্তু শুটিং সেটে কখনো বুঝতে দেননি যে তিনি আমাদের মাঝে সবচেয়ে বড় তারকা। আমি সবসময়ই তার কাজের গুণমুগ্ধ। বড় তারকাদের সঙ্গে কাজ করাটা উপভোগ্য। কারণ এতে নিজের পারফরম্যান্সের উন্নতি হয়। প্রিয়াংকার সঙ্গে কাজ করে আমারও হয়েছে। এমনকি আমার অনেক দৃশ্যে তিনি সাহায্য করেছেন। আমি তার সঙ্গে আরো কাজ করতে চাই এবং আশা করি শিগগিরই সে রকম সুযোগ হবে।’

ক্যারিয়ারে রাজকুমার রাও তারকাখ্যাতির চেয়ে অভিনয় দক্ষতার জন্য বেশি প্রশংসিত। বিভিন্ন জনরায় তাকে কাজ করতে দেখা গেছে। প্রশ্ন ছিল কোন জনরায় কাজ করাটা বেশি চ্যালেঞ্জিং। রাজকুমারের জবাব ছিল, ‘এমন কোনো একটিকে বেছে নেয়া সম্ভব নয়। আমি সব জনরাতেই কাজ উপভোগ করি। আমি অভিনয় করতে ভালোবাসি। দর্শকরা আমার আসন্ন ছবিগুলোতে আমাকে বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন। এগুলোর মধ্যে আছে জাহ্নবি কাপুরে সঙ্গে রুহি আফজা, প্রিয়াংকা চোপড়ার সঙ্গে দ্য হোয়াইট টাইগার। কৃতি শ্যাননের সঙ্গে দিনেশ বিজানের ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

রাজকুমার রাও মাঝে মাঝেই বলেন, তিনি শাহরুখ খানের ভক্ত। সাক্ষাত্কারে এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল বলিউড বাদশাহর কোন বিষয়টি তাকে অনুপ্রাণিত করে? রাজকুমারের সাফ কথা, ‘শাহরুখ স্যারের জন্যই আমি আজ অভিনেতা। পর্দায় তাকে দেখেই আমি বড় পর্দায় কাজ করতে আগ্রহী হয়েছি। আমি তার জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখতে পারি। তিনি আমাকে শিখিয়েছেন যে আপনার যদি বড় স্বপ্ন থাকে এবং কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকেন তাহলে আপনার স্বপ্ন বাস্তব হবেই। আমরা সবাই জানি তিনি কতটা আকর্ষণীয় মানুষ। পর্দায় কিংবা পর্দার বাইরে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া