ভালোবাসা দিবস মানেই ক্লোজআপের বিশেষ আয়োজন ক্লোজআপ কাছে আসার গল্প। ১১ বছর ধরে চলছে ভালোবাসা দিবসে ক্লোজআপের এ আয়োজন। এ মাইলফলক উদযাপন করতে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে প্রিমিয়ার শোয়ের জমকালো আয়োজন করেছিল ব্র্যান্ড ক্লোজআপ। এ বছরের তারকা ও ফিল্ম ক্রুদের পাশাপাশি রেড কার্পেট জমজমাট করে রেখেছিলেন আগের সিজনগুলোর তারকাও।
বিভিন্ন তারকার পাশাপাশি সেখানে ছিলেন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত ১০০ জুটি। দেশজুড়ে হাজারো মানুষের পাঠানো গল্প থেকে বাছাই করে সেরা তিন গল্পকে ভালোবাসা দিবসে ‘ক্লোজআপ’ স্ক্রিনে তুলে ধরছে গত ১০টি সিজন ধরে; অনুপ্রাণিত করেছে তরুণ প্রজন্মকে দ্বিধা ও বাধা ভেঙে কাছে আসার গল্পগুলোকে পূর্ণতা দেয়ায়। তবে ১১তম সিজনে আছে কিছু ভিন্নতা। এবারের ফিল্মগুলো নির্মিত হয়েছে পরিচালকদের গল্পে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং রেক্টর আফজাল হাসান খান ‘ক্লোজআপ’ ব্র্যান্ড সম্পর্কে কথা বলে শুরু করেন স্ক্রিনিং। প্রতিটি ফিল্ম শেষে স্টেজে এসে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন উক্ত ফিল্মের পরিচালক, গল্পকার ও অভিনয়শিল্পীরা। সবশেষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সিইও ও এমডি জাভেদ আখতার স্টেজে এসে তার বক্তব্যের মাধ্যমে ইতি টানেন এ অনুষ্ঠানের।
এবারের আসরে অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘টেক অফ’-এ অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী ও এ সময়ের জনপ্রিয় মুখ তামিম মৃধা। রাকা নোশিন নাওয়ারের ‘একটা তুমি লাগবে’-তে অভিনয় করেছেন আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপ। তানজিম সাইয়ারা তটিনী ও শাশ্বত দত্ত অভিনয় করেছেন সাকিব ফাহাদের পরিচালিত ‘সময় সব জানে’-তে। তরুণ প্রজন্মের কাছে আসার গল্প তুলে ধরার জন্য তরুণ অভিনেতাদেরই বেছে নেয়া হয়েছে।
ক্লোজআপ এই সময়ের কাছে আসার গল্প ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’। থিম সং ছাড়াও ফিল্মগুলোর গানের সুর ও সংগীতায়োজন করেছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিওস। তিন গল্পের তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল।
একসঙ্গে দেশের ১৩টি টেলিভিশন চ্যানেলে শর্টফিল্ম তিনটির টেলিভিশন প্রিমিয়ার হয়েছে ভালোবাসা দিবসের দিন রাত ৮টায়। এছাড়া ক্লোজআপের ইউটিউব চ্যানেলে যেকোনো সময় দর্শক উপভোগ করতে পারবে এ শর্ট ফিল্মগুলো।










