ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে শিরীন শিলার। ২০১৪ সালে রুপালি জগতে পা রাখেন তিনি। বর্তমানে শিরীন শিলা তার আসন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি এ অভিনেত্রী চারটি সিনেমায় অভিনয় করছেন। এরই মধ্যে তিনটির বেশকিছু অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো গত সপ্তাহে শিরীন শিলা তার নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমার নাম ‘দ্য রাইটার’, এটি পরিচালনা করেছেন অপূর্ব রানা। সিনেমায় শিলাকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের ভূমিকায়। অভিনয় প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘আমি কৃতজ্ঞ অপূর্ব রানা ভাইয়ার কাছে আমাকে আবারো তার নির্দেশনায় সিনেমায় কাজ করার সুযোগ দেয়ার জন্য। এর আগে আমি তার নির্দেশনায় দরদ সিনেমায় অভিনয় করেছিলাম। এই নিয়ে আমি একই পরিচালকের নির্দেশনায় দ্বিতীয়বার অভিনয় করছি। দ্যা রাইটার সিনেমার গল্প ও ভীষণ যত্ন নিয়ে নির্মাণের বিষয়টি ভালো লাগছে। একটি পুরো ইউনিটের আন্তরিকতাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই আমি দেখি। অপূর্ব রানা ভাইয়ের সেটে সে আন্তরিকতাটা পাওয়া যায়।’ 

এছাড়া ‘ভালোবাসি তোমায়’, ‘যাযাবর’ ও ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। ধাপে ধাপে এ সিনেমাগুলোরও শুটিং চলছে। এরই মধ্যে দুটি সিনেমায় তিনি চিত্রনায়ক আরজুর বিপরীতে অভিনয় করছেন। এ নিয়ে শিলা বলেন, ‘দ্য রাইটার ছাড়াও আমি আরো নয়টি সিনেমায় অভিনয় করছি, প্রত্যেকটিতে আমার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। একেকটায় আমার চরিত্র একেক রকম ও চ্যালেঞ্জিংও বটে। সবার সহযোগিতায় আমি নিজেকে পরিপূর্ণ একজন অভিনেত্রীতে পরিনত করতে চাই।’ শিরীন শিলা জানান ‘দ্যা রাইটার’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন এএইচএম এনামুল হক। এদিকে শিরীন শিলা অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা ঘর’, চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাগুলো রয়েছে মুক্তির অপেক্ষায়। গত বছরের শেষ দিকে মুক্তি পায় শিলা অভিনীত এম সাখাওয়াত হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমাটি। এতে তিনি একজন বীরাঙ্গনার ভূমিকায় অভিনয় করেছেন।