ম্যাথু পেরি মারা গেছেন গত বছরের অক্টোবরে। তার মৃত্যু নিয়ে শুরু থেকেই ছিল নানা বিসংবাদ। মৃত্যুর কিছুদিন পর বলা হয়েছিল, অতিরিক্ত পান ও অন্যান্য কারণে মারা গেছেন তিনি। কিন্তু এবার এল নতুন তথ্য। বলা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। সরাসরি না হলেও তার মৃত্যুর জন্য একাধিক ব্যক্তি জড়িত। সে বিষয়টি এবার তদন্তে উঠে এসেছে। হত্যা ও মাদকের মামলায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে। এর মধ্যে পেরির সহকারী ও তার ডাক্তারও আছেন। বলা হচ্ছে, কেটামিনের ওভারডোজের কারণে মৃত্যু হয় অভিনেতার।

পেরির মৃত্যুর পেছনে অপরাধ জগতের হাত আছে এমন কথা বলা হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিপার্টমেন্ট অব জাস্টিস জানায়, অপরাধ জগতের নেটওয়ার্ক এর সঙ্গে জড়িত। এ অপরাধ জগতে আরো যুক্ত ছিল পেরির ডাক্তার ও পেরির সহকারী। তারাই কেটামিন বিক্রি করেছে পেরির কাছে। 

এ মামলার প্রধান দুই অভিযুক্ত হলেন ডাক্তার সালভাদর প্ল্যাসেনকা ও মাদক ব্যবসায়ী জাসভিন সাঙ্গা। এরা দুজন মিলে ডাক্তার মার্ক শ্যাভেজের সঙ্গে জোট করেছিল। তাদের সঙ্গে ছিল পেরির আবাসিক সহকারী কেনেথ ইওয়াসামা ও এরিক ফ্লেমিং নামে এক দালাল। এরা সবাই মিলে পেরির কাছে কেটামিন সরবরাহ করত। শ্যাভেজ, ইওয়াসামা ও ফ্লেমিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এর মধ্যেই প্রমাণ হয়েছে।

এছাড়া প্ল্যাসেনকা ও সাঙ্গা এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে হাজির হয়েছিল। ম্যাজিস্ট্রেট সাঙ্গাকে জেলে পাঠানোর পাশাপাশি প্ল্যাসেনকাকে ১ লাখ ডলার বন্ডের বিপরীতে জামিন দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এ বছরের অক্টোবরের মধ্যেই মামলাটির চূড়ান্ত কোনো রায় আসবে।

সূত্র: ভ্যারাইটি