মুম্বাইকে ভালোবেসেছেন দুয়া লিপা। এমন কথাই বললেন তিনি। একবার মুম্বাই গিয়েই তিনি শহরটিকে ভালোবেসেছেন। সে কারণেই আবার যাবেন। পারফর্ম করবেন সেখানে। সম্প্রতি এ নিয়ে নানা কথা হচ্ছিল। অবশেষে শিল্পী নিজেই জানালেন, আগামী নভেম্বরে মুম্বাই যাবেন তিনি। কেননা প্রথম ভারত সফরটি তার জীবনে বিশেষ একটি ছাপ রেখেছে।

ইনস্টাগ্রামে নিজের মুম্বাই ভ্রমণের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভারত! আমি ফিরে আসছি। বছরের শুরুতে হওয়া সংক্ষিপ্ত সফরটি দারুণ ছিল। আমি এখনো মনে করতে পারি কতটা ভালোবেসেছি ওই দেশকে।’

দুয়া লিপা গত বছরের শেষে ভারত সফর করেছিলেন। এর ব্যাপ্তি ছিল এ বছরের শুরুতেও। সফরে তার রাজস্থান ভ্রমণের ছবিগুলো দুয়াভক্তদের মধ্যে আলোড়ন তুলেছিল। তিনি দারুণ আতিথেয়তা পেয়েছিলেন ভারতে। এ নিয়ে দুয়া লেখেন, ‘সবার কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম, তা ছিল অসাধারণ। আপনাদের সঙ্গে আবার দেখা হওয়ার তর সইছে না। আর এই নভেম্বরে পারফর্মও করব।’ এ পোস্টের সঙ্গে তিনি নিজের ওয়েবসাইটের ঠিকানা লিখে জানিয়েছেন সেখানেই জানা যাবে বিস্তারিত।

২০২৩ সালে ভারত ভ্রমণ করেন। ডিসেম্বরে গিয়েছিলেন তিনি। এর মধ্যে তার রাজস্থান ভ্রমণের ছবিগুলোই বেশি নজর কেড়েছিল। আলবেনিয়ার এ শিল্পী রাজস্থান সফরের সময় স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। সেই সঙ্গে তিনি স্থানীয় খাবারও চেখে দেখেন। তোলেন হাতির সঙ্গে।

সে সময় ভারত ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলেছিলেন, ‘আমি ভাবনার চেয়েও বেশি ভাগ্যবতী অনুভব করছি। দারুণ সব মানুষের সঙ্গে দেখা হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ আতিথেয়তা ও উষ্ণ মনোভাবের জন্য।’

তিনি সে সময়ই জানিয়েছিলেন, দ্রুতই নিজেকে তৈরি করবেন আরেকটি সফরের জন্য। কথা রেখেছেন শিল্পী। দুয়া এবার পারফর্ম করবেন জোম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টে। এতে দুয়ার পাশাপাশি থাকবেন ভারতের প্রথম সারির শিল্পীরাও। টিকিট বিক্রি শুরু হবে ২৯ আগস্ট।

সূত্র: ইয়ন