ফিনিক্স পাখির মতো নব উত্থান হয়েছিল রবার্ট ডাউনি জুনিয়রের। মার্ভেলের আয়রন ম্যান তাকে এমন একটি স্থান দিয়েছে। কিন্তু আয়রন ম্যান নয়, ডাউনি জুনিয়র অন্য একটি চরিত্র করার কথা ভাবছিলেন। মার্ভেলের সঙ্গে তার বেশ অনেকদিন ধরেই কথা চলছিল। তিনি ডক্টর ডুম চরিত্রটি নিয়ে আগ্রহী ছিলেন। সম্প্রতি এক আলাপচারিতায় সিনেমাটির পরিচালক জন ফ্যাভরিউ এ তথ্য প্রকাশ করেছেন। 

মার্ভেলের ইউটিউব চ্যানেলে একটি পডকাস্ট আপলোড করা হয়েছে। আলাপচারিতায় ছিলেন মার্ভেলের কেভিন ফেইজ ও জন ফ্যাভরিউ। ফ্যাভরিউ বলেন, ‘‌আমার মনে আছে আপনারা সবাই এরই মধ্যে ডক্টর ডুম বা অন্য কোনো প্রকল্পের ব্যাপারে আলোচনা করেছেন। আমার মনে হয় চরিত্রটি ফ্যান্টাস্টিক ফোর থেকে এসেছে। চরিত্রটি নিয়ে ডাউনি আগ্রহী ছিলেন। তাই সবাই জানত সে কে।’ কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি করা হয়নি জুনিয়রের। ভিক্টর ভন ডুম চরিত্রে অভিনেতা জুলিয়ান ম্যাকমোহন অভিনয় করেছিলেন।

রবার্ট ডাউনি জুনিয়রকে আয়রন ম্যান হিসেবে কাস্ট করার বিষয়ে জন আরো বলেন, ‘‌তিনি ছিলেন পাজলের একটা টুকরো। মূলত সে টুকরো, যা পাজলটিকে মিলিয়ে দেয়। আমার মনে আছে, আমি তার সঙ্গে বসে ছিলাম। তাকে (ডাউনি জুনিয়র) দেখে মনে হচ্ছিল এর চোখেই সে দ্যুতি আছে, যা চরিত্রটির জন্য দরকার। আমি তখন তার অফিসে ছিলাম আর তখনই ঠিক করি বিষয়টি নিশ্চিত করতে হবে।’ জন জানিয়েছেন, এরপর কাজ অনেকটাই সহজ হয়ে যায়। আয়রন ম্যান মুক্তির পর ১৫ বছর পেরিয়েছে। সিনেমাটি দর্শকের মধ্যে হয়তো আরো ১৫ বছর বা তারও বেশি জনপ্রিয় থাকবে। এ প্রসঙ্গ তুলেছেন কেভিন ফেইজ। তিনি বলেন, ‘‌আমার মনে আছে, অন্যান্য সিনেমা নিয়েও এমন অনেক মজার ঘটনা আছে। তবে আশা করি, আমরা সেসব নিয়ে ওই সিনেমাগুলোর ১৫ বছর পূর্তিতে কথা বলব।’

সূত্র: মার্ভেল এন্টারটেইনমেন্ট