সাতরাম রামানির হ্যামেলট ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে আয়ুষ্মান খুরানার ছোট ভাই অপারশক্তি খুরানার। কথায় কথায় অপারশক্তি জানিয়েছেন, তিনি জাতীয় পুরস্কারজয়ী ভাইয়ের সঙ্গে বড় পর্দায় কাজ করতে আগ্রহী। এজন্য তারা দুই ভাই মিলে অনেক দিন থেকেই উপযুক্ত একটা চিত্রনাট্য খুঁজছেন।

সম্প্রতি তাদের দুই ভাইয়ের তৈরি করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। দর্শকরাও আগ্রহী হয়েছেন দুই ভাইকে এক ছবিতে দেখার ব্যাপারে।

ভারতীয় সংবাদমাধ্যমকে অপারশক্তি বলেছেন, ‘দুই বা তিন বছর ধরে আমরা একটা চিত্রনাট্য খুঁজছি, যেখানে দুই ভাই মিলে কাজ করতে পারব। কিন্তু সে রকম কোনো চিত্রনাট্য আমরা এখনো পাইনি।’

২০১৯ সালে আয়ুষ্মানের বালা ছবিতে অপারশক্তি ক্যামিও অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন। তারা একসঙ্গে কাজ করার জন্য অনেক চিত্রনাট্য একসঙ্গে যাচাই করেছেন। ‘আমরা কয়েকটা কাহিনী দেখেছি, কিন্তু সে রকম ভালো কিছু এখনো পাইনি। সে (আয়ুষ্মান) এখন দারুণ কাজ করছে। আমার ক্যারিয়ারও উঠছে। তাই একসঙ্গে কাজ করার জন্য অবশ্যই একটা বিশেষ প্রকল্প দরকার। আমি চাই ১৫-২০ বছর পর আমরা দুই ভাই গলা জড়িয়ে বলতে পারব ওইটা ছিল আমাদের একসঙ্গে প্রথম ছবি।’

অপারশক্তির হ্যামলেট কমেডি ছবি। ছবিতে তার বিপরীতে আছেন প্রনূতন। ছবিতে আরো দেখা যাবে অভিষেক ব্যানার্জি ও আশিষ বর্মাকে।

 

সূত্র: ডিএনএ