দর্শক বহুদিন ধরে অপেক্ষা করে আছে সিনেমাটির জন্য। কোন সিনেমা? কৃশ ফোর। বারবার সিনেমাটি নিয়ে নানা ধরনের কথা হয়েছে। বলা হচ্ছিল এ সিনেমা পিছিয়ে গেছে। আসলেও পিছিয়েছে কয়েকবার। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো সিনেমাটি আসছে। সেই সঙ্গে থাকছে বড় একটি পরিবর্তন। কেননা রাকেশ রোশন নন, সিনেমাটির পরিচালনা করবেন হৃতিক রোশন। এর মধ্য দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে হৃতিকের।
মূলত কৃশ ফোর বলা হলেও এটি কৃশ সিরিজের তৃতীয় সিনেমা। ‘কৃশ’-এর সূচনাটা ছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘কোই... মিল গ্যায়া’। সেটিকে প্রথম সিনেমা হিসেবে ধরে এবারের সিনেমাটিকে কৃষ ফোর বলা হচ্ছে। এদিকে কৃশ মুক্তি পায় ২০০৬ সালে। এতে অভিনয় করেছিলেন হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, নাসিরউদ্দিন শাহ, রেখা প্রমুখ। সিনেমাটি বক্স অফিস হিট ছিল। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ‘কৃশ থ্রি’ এসেছিল ২০১৩ সালে। ৯৫ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি আয় করেছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু এরপর নানা কারণে সিকুয়াল আনতে পারেননি নির্মাতারা।
এবার কৃশ ফোর যৌথভাবে প্রযোজনা করছেন আদিত্য চোপড়া ও রাকেশ রোশন। এ খবর প্রকাশ করেছেন স্বয়ং রাকেশ রোশন। তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘ডুগ্গু (হৃদিকের ডাকনাম), আমি তোমাকে ২৫ বছর আগে একজন অভিনেতা হিসেবে অভিষেক করিয়েছিলাম। আজ ২৫ বছর পর আবার দুজন প্রযোজক তোমার পরিচালক হিসেবে অভিষেকের পেছনে থাকছে। আদিত্য চোপড়া আর আমি মিলে উচ্চাভিলাষী পরিকল্পনা থেকে কৃশ ফোর নির্মাণ করছি। এ নতুন পরিচয়ে তুমি সফল হও, সে শুভকামনা।’
কৃষ নিয়ে দর্শকের আগ্রহ বহু আগের। অনেকেই এ সিনেমার জন্য অপেক্ষা করছেন। ১২ বছর পর কতটা সাড়া জাগাতে পারবে সিনেমাটি, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে রাকেশ রোশনের ইনস্টাগ্রামে দর্শক ও ভক্তরা ইতিবাচক মন্তব্য করছেন।
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










