ওটিটি প্লাটফর্মগুলো বিশ্বজুড়ে নানা নিরীক্ষা করছে। ফলে পুরনো অভিনেতাদের দেখা যাচ্ছে নতুন করে। এমনই এক অভিনেতা ভারতের সুভিন্দর ভিকি। সম্প্রতি তাকে দেখা গেল নেটফ্লিক্সের ‘কোহরা’ সিরিজে। তিনি অভিনয় করেছেন বরুণ সোবতির সঙ্গে। একজন পুলিশ অফিসারের চরিত্রে। সুভিন্দর বহুদিন ধরেই অভিনয় জগতে আছেন, কিন্তু কোহরা তাকে যে উচ্চতায় নিয়েছে, তা আগে কখনো হয়নি। দর্শকরা ভিকিকে চিনছে একদম নতুন করে। এ সময় তিনি আইএমডিবিতে ট্রেন্ডিং অভিনেতা হিসেবে আছেন। ভারতের অভিনেতাদের মধ্যে ট্রেন্ডিংয়ে প্রথম দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় স্থানেই আছেন সুভিন্দর। সুভিন্দর অবশ্য মনে করেন, ট্রেন্ডিংয়ে থাকার বিষয়টি এক ধরনের প্রত্যাশার চাপ সৃষ্টি করে।
কোহরা স্ট্রিম হওয়ার পর সুভিন্দরের জীবনে নানা পরিবর্তন এসেছে। তিনি বলেন, ‘অনেক পরিবর্তন এসেছে জীবনে। প্রথমত আমার ইনস্টাগ্রামের ফলোয়ার বেড়ে গেছে। আমার আগে তেমন ফলোয়ার ছিল না। বহুজন আমাকে বলেছেন, জনপ্রিয় কারো সঙ্গে যুক্ত হয়ে ফলোয়ার বাড়াতে। আমি সেটা চাইনি। সবসময় চিন্তা ছিল এসব ফলোয়ার কেনার মধ্যে আমি নেই।’ ফলোয়ার কিনতে হয়নি ভিকির। কোহরা মুক্তির পর করণ জোহর একটি পোস্ট করেছিলেন ভিকিকে ট্যাগ করে। এর পর থেকেই তার ফলোয়ার বাড়া শুরু হয়। সুভিন্দর বলেন, ‘করণ জোহর পোস্ট করার পর থেকে লোকে ভাবতে শুরু করল, “এ সুভিন্দর ভিকি আবার কে?’’ আর এদিকে নেটফ্লিক্স থেকেও আমাকে বলা হচ্ছিল, কোহরা নিয়ে পোস্ট করতে। ফোনটা আমার মেয়েকে দিলাম আর সে জানাল সেকেন্ডে সেকেন্ডে ফলোয়ার বাড়ছে আমার।’
কোহরার পর সুভিন্দর রাতারাতিই তারকা হয়ে গেছেন। কোহরা স্ট্রিম হওয়ার শুরুতেই সুভিন্দরের বলবীর চরিত্রটি দর্শক পছন্দ করেছে। কোহরার ধীর কিন্তু গভীর গল্প ও অভিনয় ওটিটির দর্শকের পাশাপাশি সব ধরনের দর্শকেরই ভালো লাগছে। বলবীর এ সিরিজের এক্স ফ্যাক্টরে পরিণত হয়েছেন। মজার ব্যাপার হলো অসুরের মতো সফল সিরিজের পরও বরুণ সোবতিকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে তৈরি করেনি কোহরা। অমরপাল ও বলবীর পরস্পরের পরিপূরক হয়ে উঠেছেন সিরিজে। কিন্তু অভিনেতা হিসেবে বলবীর চরিত্রের মাধ্যমে সুভিন্দরই নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন প্রধান চরিত্রে। দর্শকও তাকে সেভাবেই গ্রহণ করেছেন। কেবল ইনস্টাগ্রাম নয়, আইএমডিবিতেও এখন সুভিন্দর ট্রেন্ডিং অ্যাক্টর। তিনি ক্যাটরিনা কাইফকেও ছাড়িয়ে গেছেন। ক্যাটরিনা আছেন তিন নম্বরে।
এ জনপ্রিয়তা নিয়ে সুভিন্দর বলেন, ‘আমি বিষয়টা জেনে খুবই আনন্দিত। দীপিকা ও ক্যাটরিনার মতো দুজন সুন্দরী ও মেধাবী অভিনেত্রীর পাশেই আমার নাম উচ্চারিত হচ্ছে। তবে বিষয়টা কিছুটা ভীতিকর। এর মাধ্যমে এক ধরনের চাপও অনুভব করছি। আসলে পরিচিতির কারণে প্রত্যাশার চাপ তৈরি হয়।’ তবে এর মাধ্যমে আরো কিছু ভালো বিষয় ঘটছে। সুভিন্দরের পুরনো কাজগুলো লোকে দেখছে খুঁজে খুঁজে। এর আগে তিনি অভিনয় করেছিলেন নেটফ্লিক্সের সিরিজ ক্যাট, পাতাল লোক এমনকি অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায়। সুভিন্দর বলেন, ‘তবে কোহরার পর দর্শকরা আমার পুরনো কাজগুলোও দেখছে। এটা ভালো লাগে। এখন আমি জানি যে আমার নতুন কাজের খবরও তারা রাখবে।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










