জয়া আখতারের পরিচালনায় ২০১১ সালে মুক্তি পায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ঋত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ ও কলকি কোচলিনের সঙ্গে রোড ট্রিপে শামিল হয়েছিলেন দর্শক। সম্প্রতি তুমুল জনপ্রিয় সিনেমাটির সিক্যুয়েলের ইঙ্গিত পাওয়া গেল। খবর হিন্দুস্তান টাইমস।

ওই সিনেমায় ইমরান চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান, যিনি অন্যতম প্রযোজকও বটে। তার কাছ থেকেই এসেছে সিক্যুয়েলের ইঙ্গিত। এরপর নির্মাতা ও অন্য অভিনেতারাও সুর মেলান তার সঙ্গে।

গতকাল বুধবার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে ইমরান লুকের ছবি শেয়ার করেন ফারহান। সেলফিতে ক্যাপশন দেন, ‘ইমরানের লুক, জীবনের পুরো বৃত্ত সম্পূর্ণ হলো। কী বলেন জয়া আখতার? ছেলেদের কি আরেকটা ট্রিপ প্ল্যান করা উচিত?’

এই পোস্টে অভয় দেওল জানান, সেই ২০১২ সালেই ব্যাগ গুছিয়ে রেখেছেন। আর হৃতিক লেখেন, ‘চলো যাওয়া যাক’। উত্তর দিতে ভোলেননি ফারহান আখতারের বোন ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পরিচালক জয়া। তিনিও জানান, রোড ট্রিপের জন্য ব্যাপ গোছানোই রয়েছে।

স্বভাবতই এমন কথোপকথনে উচ্ছ্বসিত সিনেমাটির ভক্তরা। তবে তারা নিশ্চিত হতে চান, তারকারা মজা করছেন না। কিন্তু তার কোনো উত্তর মেলেনি। পাশাপাশি প্রশ্ন এসেছে অনেকদিন ধরে ঝুলে থাকা ‘জি লে জারা’ প্রসঙ্গে।

২০২১ সালে ফারহান আখতার তিন কন্যাকে নিয়ে রোড ট্রিপের ছবি ‘জি লে জারা’ ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল, লিড রোলে অভিনয় করবেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ঘোষণাতেই থমকে আছে সেই ছবি। মাঝে শোনা গেছে, প্রিয়াঙ্কা ও ক্যাটরিনার সরে দাঁড়ানোর কথা।

এক সাক্ষাৎকারে ‘জি লে জারা’ প্রসঙ্গে ফারহান বলেন, ‘শিডিউল নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘটে যা ঘটল তা প্রিয়াঙ্কার শিডিউলকে এলোমেলো হয়ে গেছে। সব মিলিয়ে একটা গোলমালের মধ্যে ফেলেছে। আমি বিশ্বাস করতে শুরু করেছি, ছবির নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে।’

‘জি লে জারা’র এক অনিশ্চিত পরিস্থিতিতে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল এলে বেশই হয়। এমন মন্তব্য দর্শকদের।