নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি শোবিজে পরিচিত মুখ। পড়াশোনার পাশাপাশি তারা নিয়মিত নাটক, ওটিটি ও সিনেমায় কাজ করছেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছুটির সময় হঠাৎ দিব্যর দেখা হলো বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে। শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়—দিব্য খানের পাশে দাঁড়িয়ে আছেন, কাঁধে ব্যাগ, শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার পরা। আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।
শাহনাজ খুশি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! এরপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেয়া এবং কথাবার্তা।’
খুশি জানিয়েছেন, ‘মুম্বাইয়ে শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে কাজের কথা শুনে দিব্যকে পিঠ চাপড়ে আদরও করেছেন।’
শেষে শাহনাজ খুশি লিখেছেন, ‘অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি আমির খানের বিনয় দিব্যর জন্য শিক্ষণীয় হবে।’










