অনিল শর্মা পরিচালিত ‘গদর’ মুক্তি পেয়েছিল ২০০১ সালে। দেশভাগের পটভূমিতে সিনেমাটি নির্মিত হয়েছিল ১৮ কোটি রুপিতে। বক্স অফিসে আয় করেছিল ১৩৩ কোটি রুপি। ২২ বছর পর নির্মিত হলো এর সিকুয়াল ‘গদর টু’। ২২ বছর পরের গল্পই এসেছে সিনেমায়। অভিনয় করছেন যথারীতি সানি দেওল, আমিশা প্যাটেল ও উৎকর্ষ শর্মা। গদর মুক্তির পর বক্স অফিস তোলপাড় করেছিল। একই ধারায় গদরের সিকুয়ালও বক্স অফিসকে দিল সুসংবাদ। সিনেমাটি মুক্তির পর পরই ভালো আয় করেছে। ওপেনিং হয়েছে ৪০ কোটি রুপিতে।
গদর টু অনেক দিক দিয়ে এগিয়ে থাকছে। প্রথমত সিনেমাটি ২০২৩ সালের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং পেয়েছে। শাহরুখ খানের পাঠান এ বছর জানুয়ারিতে ৫৫ কোটি রুপির ওপেনিং পেয়েছিল। গদর টুয়ের ওপেনিং ৪০ কোটি রুপিতে। এ বছরের অন্যতম বিগ বাজেট সিনেমা আদিপুরুষের ওপেনিং হয়েছিল ৩২ কোটি রুপিতে। সেদিক থেকেও এগিয়ে ‘গদর টু’। এছাড়া সিনেমাটির দিনের শোয়ে দর্শক আসছে ৬০ শতাংশ, রাতের শোয় দর্শক আসছে ৮৬ শতাংশ। দেখা যাচ্ছে মুক্তির পরপর দর্শক টানার দিক থেকেও এগিয়ে আছে গদর টু। তবে এখানে একটি বিষয় হলো গদর টুয়ের প্রতি দর্শকের আগ্রহের অন্যতম কারণ এটির প্রথম সিনেমাটির জনপ্রিয়তা। এখনো গদর ভারতে জনপ্রিয়।
এবারো সে ধারায় ফিরেছে গদর। তারা সিং তার পুরনো অবতারে আবার লড়ছেন পরিবারের জন্য। সব মিলিয়ে দর্শক সেই পুরনো ‘ঢাই কিলো কা হাত’খ্যাত সানিকে দেখতে ফিরছেন থিয়েটারে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










