এক দুর্গম পাথুরে এলাকায় বসে আছেন আফরান নিশো। পাথরে পিঠ রেখে কাগজে কিছু লিখছেন। আরেকটি ছবিতে তার পিঠ দেখা যাচ্ছে। দূরে চরছে কিছু পশু। ছবিগুলো নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নির্মাতা রেদওয়ান রনি। লিখেছেন, ‘দমের দম পরীক্ষা।’ আরেকটি ছবিতে নিশোর সঙ্গী নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, আর্ট ডিরেক্টর শহীদুল ইসলামসহ কয়েকজন বিদেশী।

জানা গেল কাজাখস্তানে ছবিগুরো তোলা। তবে দম সিনেমার শুটিং শুরু হলো কিনা তা স্পষ্ট করা হয়নি। কিন্তু এর মধ্যেই ছবিগুলো নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। দর্শকরা মনে করছেন ঠিকভাবেই চলছে সিনেমার কাজ।

ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে, হয়তো লোকেশন দেখতে গেছেন প্রযোজক-নির্মাতা-শিল্পী। জায়গা দেখে অনুমেয় কতটা রোমহর্ষক হতে পারে ‘দম’ সিনেমার দৃশ্য ধারণ! কতটা চ্যালেঞ্জ নিতে হতে পারে আফরান নিশোকে। আর সেটা নিজে সরেজমিনে দেখতেই হয়তো তিনিও গেছেন লোকেশন দেখতে। নির্মাতা দেখছেন কীভাবে তিনি দৃশ্য ধারণ করবেন আর অভিনেতা দেখছেন কীভাবে তিনি তা ফুটিয়ে তুলবেন পর্দায়।

এর আগে দম সিনেমার শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব, জর্ডানের নাম শোনা গেলেও কাজাখস্তানেই দৃশ্যায়নের পরিকল্পনা করেছেন সংশ্লিষ্টরা। কারণ শেয়ার করা পোস্টে রেদওয়ান রনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘দমরেকি’ ‘কাজাখস্তান’। বোঝাই যাচ্ছে কাজাখস্তানে চলছে দম সিনেমার লোকেশন রেকি।

দম সিনেমাটির মাধ্যমে অনেকদিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘দম নিয়ে দম বানাতে আসছি।’ এবারের ফেরায় তিনি আশ্রয় নিয়েছেন সত্য ঘটনার ওপর। সত্য ঘটনার অনুপ্রেরণায় সার্ভাইবাল গল্প নিয় গড়ে উঠেছে সিনেমার কাহিনী।

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দম সিনেমায়। এ সিনেমায় যুক্ত হওয়ার সময় আফরান নিশো বলেছিলেন, ‘সিনেমায় পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি।’ অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছিলেন, ‘সিনেমার গল্পটা অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।’ অর্থাৎ দুজন অভিনেতাই গল্প ও অভিনয়ের কথা বিশেষ করে উল্লেখ করেছেন তাদের বক্তব্যে।

সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬-এর ঈদুল ফিতরে। শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে দম টিমের।