জনপ্রিয় অভিনেত্রী অর্ষা। একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে তার বেশ সুনাম। ২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন অর্ষা। কাফী বীরের পরিচালনায় ‘দ্বন্ধ’ নামক নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন শাহেদ শরীফ খান। অর্ষা অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘সাতকাহন’, ‘এক হৃদয়হীনা’, ‘গালিবের প্রেম ও বসন্ত কাব্য’, ‘মধ্যবর্তিনী’, ‘হলুদ শহরের প্রেম’, ‘খায়েশ’, ‘প্রেম বিভ্রাট’, ‘ইঞ্জিন’, ‘চিলেকোঠার সংসার’, ‘অন্ধকার ফুলের গন্ধ’, ‘শরৎ বাবু’, ‘ভবঘুরে’, ‘হুমায়ূন সমীপে’, ‘পরদেশী মেঘ’, ‘আলোর পথে’, ‘পথের পরিচয়’।
ওটিটি প্লাটফর্মেও বেশকিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করে ভীষণ প্রশংসিত হন অর্ষা। যার মধ্যে উল্লেখযোগ্য ওয়েব সিরিজ ‘সাবরিনা’, সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সাহস’ ও শর্টফিল্ম ‘জাহান’। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায়ও ভূষিত হয়েছেন। অর্ষা সবসময় কোয়ালিটি কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার সুর করা ও প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলেরও গাওয়া ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’তে মডেল হয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন অর্ষা। এদিকে গতকাল ছিল অর্ষার জন্মদিন। নিজের কাজ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘সবসময়ের মতোই আমি ভালো গল্প ও চরিত্রের প্রতিই মনোযোগী একজন শিল্পী। গল্পটা যেমন ভালো হওয়া খুব জরুরি এবং পাশাপাশি আমি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি সে বিষয়েও মনোযোগ থাকাটা জরুরি। জন্মদিন নিয়ে আসলে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। এখন শ্বশুরবাড়ি, মায়ের বাড়ি দুই বাড়িতে মিলিয়েই হয়তো জন্মদিন কাটে। সবার দোয়া চাই।’










