দ্বিতীয়বারের মতো রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট। ১০ নভেম্বর আয়োজন করা হয়েছে কনসার্টটির। ‘নাসেক নাসেক’ থেকে শুরু করে ‘কথা কইয়ো না’ কোক স্টুডিওর দুই সিজনের জনপ্রিয় সব গান নিয়ে কনসার্টের আসর জমাবেন ৩০ জনের বেশি শিল্পী। এমনটাই নিশ্চিত করেছে কোক স্টুডিও বাংলা। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়, ১০ নভেম্বর মূল অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টায় শুরু হবে। তবে গেট খুলে যাবে বেলা ১টা ৩০ মিনিটে। এবার ভক্তরা উপভোগ করবেন এক্সক্লুসিভ কোক স্টুডিও বাংলা অভিজ্ঞতা, যা আগে কখনো দেখা যায়নি। মূল আয়োজনের আগে বেলা ৩টা থেকে থাকছে প্রি-শো, এ সময় ভেন্যুতে উপস্থিত দর্শকের জন্য রয়েছে নানা ধরনের মজার কার্যক্রম।

দর্শককে কোক স্টুডিও বাংলার জাদুতে মাতাতে, লাইনআপে থাকছেন শায়ান চৌধুরী অর্ণব, অনিমেষ রায়, পান্থ কানাই, মমতাজ বেগম, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার মিতু, মো. মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব ভাই, মেঘদল, জহুরা বাউল, সোহানা (ডটার অব কোস্টাল), মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, বাপ্পা মজুমদার ও হামিদা বানুসহ দুই সিজনের শিল্পীরা। এছাড়া এবারের কনসার্টে বিশেষ অতিথি থাকছেন এলিটা করিম, শুভ (ডি রকস্টার), আনিকা ও অনুরাধা মণ্ডল। ব্যান্ড পারফরম্যান্স দিয়ে দর্শককে মুগ্ধ করতে থাকছে হাতিরপুল সেশনস ও লালন ব্যান্ড।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং আবীর রাজবীন বলেন, ‘সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটা কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিল। কোক স্টুডিও বাংলার ম্যাজিক দিয়ে দর্শক শ্রোতাদের মাতাতে প্লাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এ কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।’

কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্টের টিকিট নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখতে হবে কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে। সেখান থেকেই সংগীতপ্রেমীরা জানতে পারবেন কীভাবে অংশ নিতে পারবেন এবারের কোক স্টুডিও বাংলার কনসার্টে। 

গত বছরের ফেব্রুয়ারিতে যাত্রা করার পর প্রায় ১০০ জন গায়ক ও শিল্পীকে নিয়ে ২২টি গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। বাংলা সংগীত ও সংস্কৃতির নানা বিষয় সামনে নিয়ে আসছে তারা। হারিয়ে যাওয়া অনেক গান নতুন করে দর্শকের সামনে নিয়ে এসেছে কোক স্টুডিও বাংলা।