ওপেনহাইমারের জয়যাত্রা যেন থামছেই না। বক্স অফিসের খবর শেষ হতে না হতেই একের পর এক আসর মাতাচ্ছে চলচ্চিত্রটি। ঝুলিতে সর্বশেষ যুক্ত হলো প্রডিউসার্স গিল্ড অব আমেরিকা (পিজিএ) অ্যাওয়ার্ডস। আসরের সর্বোচ্চ আকর্ষণ ডেরিল এফ জানুক অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমাটি। এর ঠিক একদিন আগেই গত শনিবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস পেয়েছিল ওপেনহাইমার।
আসরের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছে বিফ ও সাকসেশনের নাম। উভয়েই এসএজি অ্যাওয়ার্ড তুলেছিল ঝুলিতে। আসরে ওপেনহাইমারের প্রযোজক হিসেবে পুরস্কার গ্রহণ করেন এমা থমাস। সে সময় তিনি বলেন, ‘এ প্রাপ্তি আসলে অনেক বড় কিছু। এখানে অনেক মানুষ রয়েছে, যাদের কাজ প্রশংসনীয়। ভালো একটা সিনেমা নিয়ে কাজ করা সহজ নয়।’
কথা বলার সময় তিনি তার স্বামী ও ওপেনহাইমারের পরিচালক ক্রিস্টোফার নোলানের প্রশংসা করেন। নোলান খুব অল্প সময়ের জন্য মাইক নেন। তিনি জানান, তাদের সিনেমা এর আগেও পিজিএ অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছিল, কিন্তু কখনো জেতার অভিজ্ঞতা হয়নি।
আসরে সিরিজের প্রযোজক বিভাগে পুরস্কার নেয় ‘দ্য বিয়ার’ ও তথ্যচিত্রের প্রযোজক বিভাগে পুরস্কার পায় ‘আমেরিকান সিম্ফোনি’। এছাড়া প্রডিউসার অব লাইভ এন্টারটেইনমেন্ট, ভ্যারাইটি, স্কেচ, স্ট্যান্ড আপ অ্যান্ড টক টেলিভিশন বিভাগে সম্মাননা পায় ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’। খেলা ও প্রতিযোগিতার বিভাগ থেকে পুরস্কার যায় রুপলস ড্র্যাগ রেসের হাতে। অ্যানিমেটেড থিয়েট্রিকাল মোশন পিকচার্স বিভাগ থেকে পুরস্কার পায় ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পেয়েছে ‘ব্ল্যাক মিরর: বিয়ন্ড দ্য সি’, ‘বিফ’ ও ‘সাকসেশন’। আর রাতের সর্বোচ্চ পুরস্কার গ্রহণ করে ওপেনহাইমার। মনোনয়ন পাওয়া প্রতিটা সিনেমাকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে আসরে। এসেছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, ‘অ্যানাটমি অব আ ফল’, ‘বারবি’, ‘দ্য হোল্ডওভারস’, ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’, ‘মায়েস্ত্রো’, ‘আমেরিকান ফিকশন’, ‘পাস্ট লাইভস’ ও ‘পুওর থিংস’-এর নাম। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আসর থেকে মাইলস্টোন অ্যাওয়ার্ড গ্রহণ করেন চার্লস ডি কিং। তিনি বলেন, ‘আমি এখানে এসে দাঁড়িয়েছি দারুণ সব প্রযোজক, আমার পিতামাতা ও পূর্বপুরুষের ওপর ভর করে। আমার পূর্বপুরুষের ত্যাগের মধ্য দিয়ে যে পথ নির্মিত হয়েছে, সে পথ ধরেই আমার প্রাপ্তি।’
আসরে খ্যাতিমান পরিচালক ও প্রযোজক মার্টিন স্করসেসির হাতে তুলে দেয়া হয় ডেভিড ও. সেলজনিক অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস। স্করসেসিকে পুরস্কার তুলে দিতে পারাকে নিজের জন্য সম্মানজনক বলে মনে করেন গিয়ের্মো দেল তরো। বেশ জমজমাট এ আসরের কয়েকজন বিজয়ীর নাম গত সপ্তাহেই ঘোষণা করা হয়েছিল। ৩৫তম এ আসর অনুষ্ঠিত হয়েছিল হলিউডের রে ডলবি বররুমে।
সূত্র: হলিউড রিপোর্টার










