বাংলাদেশ টেলিভিশন নিয়মিত একক নাটক প্রচার করছে। প্রতি সপ্তাহেই একক নাটক নিয়ে আসছে টেলিভিশন চ্যানেলটি। সে ধারাবাহিকতায় আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক ‘ভালোবেসে বিয়ে’। বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলোক বসুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, সালহা খানম নাদিয়া, শফিক দিলু, শিবলি নোমান, মরু ভাস্কর, মোহাম্মদ রফিক, শুভেচ্ছা রহমান।

নাটকটির গল্প নিয়ে জানতে চাইলে অলোক বসু বলেন, ‘এটি একটি রোমান্টিক ধাঁচের নাটক। নাটকটিতে দেখা যাবে হঠাৎ বিয়ে হওয়া এক নবদম্পতির নাগরিক জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যার মুখোমুখি হওয়ার এক বাস্তব চিত্র। বাবু ও শাপলা নামের ওই দম্পতি সাবলেটে থাকে। তাদের  বাড়িওয়ালা দম্পতির পারিবারিক জীবনের চিত্র উঠে এসেছে এ নাটকে। জীবনে প্রেম-ভালোবাসা-রোমান্স না থাকলে দাম্পত্য জীবন যেমন পানসে হয়ে যায় তেমনি স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি বোঝাপড়ার ঘটনাটিও নাটকটির গল্পে দেখা যাবে। আশা করছি দর্শকের ভালো লাগবে নাটকটি। এটি একটি পারিবারিক নাটক।’