মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নন্দিত চলচ্চিত্র ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’। গত বছরের এপ্রিলে ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্র মুক্তি পেলে চমক দেখায় বক্স অফিসে। পাশাপাশি চাউর হয়েছে গুঞ্জন, ফ্র্যাঞ্চাইজির যাত্রা এখানেই সমাপ্তি ঘটতে যাচ্ছে কিনা। এমন শঙ্কার জবাবেই সম্প্রতি মুখ খুলেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জো সালদানা। গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সিতে ‘গামোরা’ চরিত্রে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

বিনোদন গণমাধ্যম প্লেলিস্টের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল ‘গামোরা’ চরিত্রে সমাপ্তি টানতে হচ্ছে কিনা। কারণ জেমস গানের গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির ট্রিলজি সমাপ্ত হয়েছে। গান চলে গেছেন ডিসি ইউনিভার্সে। অন্যদিকে ট্রিলজির অন্যতম প্রধান চরিত্র ডেভ বাতিস্তা আগেই জানিয়ে দিয়েছিলেন, এটাই তার শেষ গার্ডিয়ান সিনেমা। এমন প্রশ্নের জবাবে সালদানা বলেন, ‘আমি অমনটা ভাবি না। মনে হয় না গামোরা চিরতরে চলে গেছে। মার্ভেল ইউনিভার্সে চরিত্রটি বিভিন্নভাবে হাজির হতে পারে। আমি মনে করি মার্ভেল যদি গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সিকে কোনোভাবে ফেরত আনতে না পারে, এটা তাদের বড় ধরনের ক্ষতি হবে। ভক্তদের এটা দারুণ প্রিয়। তার ওপরে রয়েছে জেমস গানের লেখা, এ ঘরানার সিনেমার তুলনায় যা খুবই দুর্দান্ত। ফলে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি যদি ফিরে আসে, তবে আমি থাকব উচ্ছ্বাস প্রকাশকারীদের মধ্যে প্রথম সারিতে।’

সালদানা গামোরা চরিত্রে অভিনয় করেছেন তিনটি গার্ডিয়ান সিনেমায়। পাশাপাশি মার্ভেলের অন্য সিনেমাগুলোয়ও তাকে দেখা গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ তাদের মধ্যে প্রধান। ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব গান সমাপ্ত করেছেন গার্ডিয়ানের নতুন দল তৈরি করার মাধ্যমে। যেখানে রকেট রাকুন, গ্রুট, ক্র্যাগলিন, কসমো এবং অ্যাডাম ওয়ারলক। তবে মার্ভেল এখনো নতুন গার্ডিয়ান মুভির ঘোষণা দেয়নি। তবে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির যাত্রা শেষ হলেও সালদানার ব্যস্ততা রয়েছে। তিনি জেমস ক্যামেরনের অ্যাভাটারের সিকুয়ালে নেইতিরি চরিত্রে থাকবেন। এর আগে গত ২৭ মার্চ ভ্যারাইটির প্রতিবেদনে জানা যায়, প্যারামাউন্টের ব্যানারে চতুর্থ স্টার ট্রেক সিনেমা বের হতে যাচ্ছে। স্টার ট্রেকের গুরুত্বপূর্ণ ক্রু উহুরা চরিত্রে দেখা গেছে সালদানাকে। ২০০৯ সালে স্টার ট্রেক, ২০১৩ সালে স্টার ট্রেক ইনটু ডার্কনেস ও স্টার ট্রেক বিয়ন্ড। সেদিকে ইঙ্গিত করে সালদানা বলেন, ‘আমি এখনো স্টার ট্রেকের চতুর্থ গল্প বানানোর ব্যাপারে আশাবাদী। পর পরটি তিনটি সিনেমা করার মধ্য দিয়ে আমার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে। আমি ছিলাম সে টিমের অংশ। আমি জানি প্যারামাউন্ট স্টার ট্রেককে নতুনভাবে শুরু করার বিষয়ে ভাবছে, যা অবশ্যই দারুণ এক খবর। এটা এমন এক ফ্র্যাঞ্চাইজি, যা অনেক দিন টিকে থাকতে পারে। অভিনয়শিল্পী হিসেবে আমাদেরই ফিরে আসতে হবে, এমনটা না।’

সালদানা বর্তমানে ব্যস্ত আছেন তার দি অ্যাবসেন্স অব এডেনের প্রচারণা নিয়ে। সেখানে তার সঙ্গে অভিনয় করেছেন গ্যারেট হেডলান্ড, আদ্রিয়া আরজুনা। পরিচালনা করেছেন মারকো পেরেগো।\

সূত্র: ডেডলাইন