সিনেমার একটি দৃশ্যে অভিনয় করার সময় তার হাতে কাঁচি বিদ্ধ হয়। মারাত্মক আহত হন তিনি। কিন্তু সেটিকে গুরুত্ব না দিয়ে তিনি পরবর্তী দৃশ্যের ব্যাপারে মনোযোগী হন। শারীরিক ব্যথাকে অনায়াসে অগ্রাহ্য করে কাজকে সর্বোচ্চ গুরুত্বের জায়গায় রাখেন তিনি। কাজের ব্যাপারে তার এ ধরনের গুরুত্বের কারণে সিনেমাপ্রেমী সাধারণ দর্শক ও বোদ্ধাদের কাছে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত। অভিনয়ের প্রতি তার এ মনোযোগ সবসময়ই প্রশংসিত। পাঠক, এতক্ষণে বুঝতে পেরেছেন যে এ অভিনেতা হলেন আমির খান। আর যে সিনেমাটির কথা বলা হচ্ছে, সেটি ‘তারে জামিন পার’। সিনেমাটিতে আমিরের সঙ্গে গিরিজা ওককে পর্দায় দেখা গিয়েছিল। তিনিই এ ঘটনাটি গণমাধ্যমকে জানিয়েছেন।
গিরিজা ওক জানান, তারে জামিন পার সিনেমার কিছু অংশ আমির খান পরিচালনা করেছিলেন। গিরিজা ওক তার নির্দেশিত দৃশ্যগুলোয়ই অভিনয় করেছিলেন। তেমনই একটি সিকোয়েন্স নিয়ে তারা কথা বলছিলেন। তখনই ঘটনাটি ঘটে। গিরিজা ওক বলেন, ‘আমির কথা বলতে বলতে একটি চারাগাছ রোপণ করছিলেন। হঠাৎ করে একটি কাঁচির কোণা তার হাতে ঢুকে যায়। প্রচুর রক্ত পড়তে থাকে।’
সেটের সবাই তার রক্তাক্ত হাত দেখে আতঙ্কিত হয়ে যায়। কিন্তু আমির নির্বিকার। তিনি পরবর্তী দৃশ্য কেমন হবে, তা নিয়েই ব্যস্ত ছিলেন। গিরিজা বলেন, ‘তিনি আহত হওয়া নিয়ে চিন্তিত ছিলেন না। কিন্তু অন্যরা বেশ ভয় পেয়েছিল।’
গিরিজা ওক জানান, ক্ষতস্থানের ড্রেসিং শেষ হওয়ার পর আমির পরবর্তী দৃশ্যের কাজ শুরু করতে বললেন। তিনি চারপাশে ছোটাছুটি করছিলেন। ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা জানার জন্য মনিটর দেখছিলেন। তিনি অভিনয়ও করছিলেন। একই সঙ্গে পরিচালনা করছিলেন। গিরিজা বলেন, ‘আমি তাকে দেখে অবাক হলাম। কীভাবে একজন মানুষ মারাত্মক আহত হওয়া সত্ত্বেও এতটা সক্রিয় থাকতে পারে! আমির খান তেমনই একজন মানুষ।’
সম্প্রতি জওয়ান সিনেমায় গিরিজা ওককে পর্দায় দেখা গেছে। সে অভিজ্ঞতার আলোকে শাহরুখ ও আমিরের মধ্যে তুলনা করেছেন তিনি। তার মতে, অভিনয়ের ব্যাপারে দুই খানেরই মনোযোগের কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে দুজনই একই রকম। গিরিজা বলেন, ‘মেজাজের দিক থেকে আমির ও শাহরুখ ভিন্ন মানুষ। কিন্তু কাজের প্রতি তাদের মনোযোগ একই রকম বলে আমার মনে হয়েছে।’
গত বছর আমির অভিনয়ে সাময়িক বিরতি নেয়ার ঘোষণা দিয়েছিলেন। পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটানোই ছিল তার উদ্দেশ্য। ভক্তদের জন্য সুখবর হলো তিনি আবার অভিনয়ে ফিরেছেন। বর্তমানে ‘সিতারে জামিন পার’ সিনেমার কাজ করছেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










