দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত আয়োজক
প্রীতম হাসান। তার কণ্ঠ ও নির্মাণে একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। সে সব গান ও শিল্পীদের নিয়ে প্রথমবারের মতো
একক কনসার্টে আসছেন তিনি।
বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ৪
নম্বর হলে ‘দ্য নাইট অব প্রীতম হাসান’ শিরোনামের এ
কনসার্ট শুরু হবে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
প্রথম একক কনসার্ট নিয়ে জানতে চাইলে প্রীতম
বলেন, ‘জানতাম এমন একদিন
আসবে, যেদিন শ্রোতারা সামনে বসে একে একে আমার গানগুলো শুনবেন। এ দিনের অপেক্ষায় ছিলাম।
খুব এক্সাইটেড আমি। বিকাল হওয়ার অপেক্ষা করছি।’
কনসার্টে প্রীতম হাসানের সঙ্গে গাইবেন
জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পী। আছেন হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ, মমতাজ, অর্ণব, রাফা,
মাশা ও জেফার।
কনসার্ট প্রসঙ্গে প্রীতম আরো বলেন, ‘আমার এই কনসার্ট
বাকি সব কনসার্ট থেকে একটু আলাদা। এর পার্থক্য হচ্ছে এই কনসার্টের মধ্যে দিয়ে আমার
বেশকিছু গান নতুন করে রিমেক্স হচ্ছে। আর এটা করা হচ্ছে আজকের কনসার্টের দর্শকের জন্য।
হাবিব ওয়াহিদ ভাই, ফেরদৌস ওয়াহিদ আংকেল, মমতাজ আপু তাদের সবার গান নতুন করে রিমেক্স
করা হচ্ছে। এছাড়াও আমার বেশকিছু গানের ম্যাশআপ করা হচ্ছে। ’
কনসার্ট উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শ্রোতাদের
কাছে পছন্দের গানের তালিকা চেয়েছিলেন প্রীতম। সেখান থেকে ১৮টি গান বেছে নিয়েছেন তিনি।
এ তালিকায় রয়েছে ‘আসো মামা হে’, ‘খোকা’, ‘ভেঙে পড়ো না’, ‘সত্যি নাকি ভুল’, ‘দেওরা’র মতো জনপ্রিয়
গান।
বর্তমানে গানের পাশাপাশি নিয়মিত অভিনয়েও
দেখা যাচ্ছে প্রীতম হাসানকে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘কাছের মানুষ দূরে
থুইয়া’ ওয়েব ফিল্মের
শুটিং। বানাচ্ছেন শিহাব শাহীন। এতে প্রীতমের সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ। দেশের পাশাপাশি
সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। মুক্তি পাবে চরকিতে।










