বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তাকে ভাবা হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল অভিনেত্রী। শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিষেক ঘটে ১৯৯৩ সালে চাঁদনী রাতে সিনেমার মধ্য দিয়ে। সালমান শাহের সঙ্গে সিনেমা করে অর্জন করেন তুমুল দর্শকপ্রিয়তা। তারপর একে একে রিয়াজ, ওমর সানী, শাকিব খানসহ জুটি বেঁধে কাজ করেছেন আরো কয়েকজন নায়কের সঙ্গে। দীর্ঘদিন কাজে না থাকলেও এখনো তার সিনেমার দর্শকপ্রিয়তা শেষ হয়ে যায়নি। একসময়ের সাড়া জাগানো এ অভিনেত্রীর অভিনীত সিনেমা টানা সাতদিন প্রচার করবে দীপ্ত টিভি।

৩-৯ আগস্ট প্রতিদিন বেলা ২টায় প্রচার হবে তার অভিনীত সাতটি বাংলা সিনেমা। ৩ আগস্ট থাকছে আরিফ মাহমুদের পরিচালনায় বাংলা সিনেমা খেয়া ঘাটের মাঝি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, ফেরদৌস, ববিতাসহ আরো অনেকে। ৪ আগস্ট থাকছে ওয়াকিল আহমেদের পরিচালনায় বাংলা সিনেমা ভুলো না আমায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, বাপ্পি, অমিত হাসানসহ অনেকে। ৫ আগস্ট থাকছে এফআই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা দুই বধূ এক স্বামী। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, মৌসুমী। ৬ আগস্ট এফআই মানিকের পরিচালনায় বাংলা সিনেমা স্বামী-স্ত্রীর যুদ্ধ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, মান্না, পূর্ণিমা। ৭ আগস্ট থাকছে আবিদ হাসান বাদলের পরিচালনায় বাংলা সিনেমা তুমি শুধু তুমি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, অমিত হাসান। ৮ আগস্ট থাকছে নারগিস আক্তারের পরিচালনায় বাংলা সিনেমা চার সতীনের ঘর। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, দিতি, শাবনূর, ময়ূরীসহ অনেকে। ৯ আগস্ট থাকছে শাহ মো. সংগ্রামের পরিচালনায় বাংলা সিনেমা বলব কথা বাসর ঘরে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাবনূর, শাকিব খান, সাহারা, ওমর সানী।