রক সংগীতের অন্যতম শক্তিশালী ব্যান্ড অর্থহীন তাদের বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ঢাকার মহাখালীর এসকেএস শপিং মলের ১০তম তলায় অবস্থিত স্কাইফল রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যান্ডের সদস্যরা জানান, অ্যালবামটি আসছে আগামী ১৭ অক্টোবর। সেদিন থেকেই এটি শোনা যাবে ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ সব জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

ভক্তদের জন্য আরো একটি চমক রেখেছে অর্থহীন— অ্যালবাম মুক্তির আগেই ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশেষ ‘সিক্রেট লিসেনিং পার্টি’, যেখানে নির্বাচিত শ্রোতারা আগেভাগেই গানগুলো শুনতে পারবেন।

‘ফিনিক্সের ডায়েরি ২’ মূলত ব্যান্ডটির আগের সফল অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’-এর সিক্যুয়েল। সিরিজের প্রথম অ্যালবামটি ছিল সহনশীলতা ও পুনর্জন্মের গল্প। এর নতুন অধ্যায় তৈরি হয়েছে আরো আঁধার ও প্রতিশোধপরায়ণ আবহে।

প্রথম অ্যালবামটি বাংলা নিউ রক ঘরানার নতুন দিগন্ত উন্মোচন করেছিল, যা পরে স্পটিফাইতে বৈশ্বিক ঘরানা হিসেবে স্বীকৃতি পায়। নতুন অ্যালবামটিও সেই ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করছে অর্থহীন।

অ্যালবামে অংশ নিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা- গ্র্যামি-মনোনীত গিটারিস্ট ফ্র্যাঙ্ক গ্যামবালি ও মাইক স্টার্ন, পল সায়মন খ্যাত স্যাক্সোফোনিস্ট বব ফ্র্যাঙ্কেসচিনি, স্টিভি ওয়ান্ডার ও ডক্টর ড্রে’র সহযোগী বেসিস্ট ববি লুইস, এবং বেইসবাবা সুমনের পুত্র আহনাফ।

অর্থহীন জানিয়েছে, অ্যালবামটি সম্প্রতি প্রয়াত সংগীতশিল্পী এ.কে. রাতুলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।