মার্ভেল স্টুডিও তাদের নতুন সিনেমা নিয়ে কাজ করছে। বহুদিন ধরে দর্শকের পছন্দের সিরিজ ফ্যান্টাস্টিক ফোরকে মার্ভেল স্টুডিওজ আনতে চায় নতুন করে। স্বাভাবিকভাবেই খোঁজ শুরু করেছে কারা হবেন নতুন অভিনেতা। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন কোন অভিনেতা। এর মধ্যে ঘুরেফিরে আসছে অভিনেতা পেদ্রো প্যাসেকেলের নাম। জোর গুঞ্জন চলছে তাকেই মার্ভেল স্টুডিওজ পছন্দ করেছে মিস্টার ফ্যান্টাস্টিক চরিত্রে।
কমিক অনুসারে, মিস্টার ফ্যান্টাস্টিকের আসল নাম রিড রিচার্ডস। তিনি একজন অসাধারণ বিজ্ঞানী। একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি বিশেষ কিছু ক্ষমতা অর্জন করেন। তিনি ইচ্ছামতো শরীর বাঁকাতে পারেন এবং চাইলে প্রশস্তও করতে পারেন।
চরিত্রটিতে প্যাসকেল চূড়ান্ত হলে তার জন্য বিশেষ হয়ে উঠবে ঘটনাটি। এর আগে প্যাসকেল অভিনয় করেছিলেন গেম অব থ্রোনসে। সেখানে প্রিন্স ওবেরিন মার্টেলের চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি অসামান্য সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। এছাড়া অভিনয় করেছেন নারকোসে। কিন্তু সুপারহিরো ঘরানাও তার জন্য নতুন নয়। গেম অব থ্রোনসের পরে অভিনয় করেছিলেন ‘দ্য ম্যানডালোরিয়ান’ সিরিজে। সেখানে নাম ভূমিকায়ই ছিলেন পেদ্রো। জন ফ্যাব্রিউয়ের পরিচালনায় এ সিরিজ তাকে নতুন করে আবার আলোচনায় এনেছিল। সম্প্রতি তিনি এইচবিওর ‘দ্য লাস্ট অব আস’ সিরিজে অভিনয় করে এমি নমিনেশন পেয়েছেন।
৪৮ বছর বয়সী প্যাসকেলকে সিনেমাটির জন্য ভাবা হচ্ছে তার অভিনয় দক্ষতার কারণে। বিজ্ঞানীর চরিত্রে তাকে ভালোই মানাবে। ২০১৯ সালে মার্ভেল স্টুডিওজ এ সিনেমার জন্য গল্পের স্বত্ব কেনে। ফ্যান্টাস্টিক ফোর পরিচালনা করবেন ওয়ান্ডাভিশনের নির্মাতা ম্যাট শ্যাকম্যান।
সূত্র: ভ্যারাইটি










