জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিরতিতে আছেন। প্রায় দুই বছর নতুন কোনো নাটক বা সিনেমায় দেখা যায়নি এ অভিনেত্রীকে। তিশা ভক্তদের জন্য সুখবর হচ্ছে ঈদে উপলক্ষে ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে তিশা অভিনীত সিনেমা ‘রক্তজবা’। এতে তিশার বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। এটি নির্মাণ করেছেন ‘কাঠবিড়ালী’খ্যাত তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তা। ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনে আগামীকাল মুক্তি পাবে সিনেমাটি। ঘরে বসে ওটিটি প্লাটফর্ম আই স্ক্রিনের সাবস্ক্রাইবাররা সিনেমাটি উপভোগ করতে পারবেন। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
নির্মাতা নিয়ামুল মুক্তা জানান, একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে রক্তজবা। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হয় নানা রহস্য।
মাতৃত্বকালীন ছুটির জন্য লম্বা বিরতিতে আছেন তিশা। নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত না হলেও এ বছরে বড় পর্দায় তিশার দেখা মেলে প্রীতিলতা রূপে। তিশা অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এ সিনেমার শুটিং আগেই করা ছিল। রক্তজবার ক্ষেত্রেও তাই। শুটিং পর্ব আগে থেকেই সেরে রেখেছিলেন নির্মাতা। আসন্ন সিনেমাটি নিয়ে তিশা বলেন, ‘গল্পটি বেশ সুন্দর, এর টুইস্ট আছে। আশা করি দর্শক পছন্দ করবেন।’
রক্তজবায় শিক্ষক চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। এতে রাজ-তিশা ছাড়া আরো আছেন শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। এর ক্রিয়েটিভ প্রযোজক হলেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান।
২০২১ সালের ১৫ জানুয়ারি ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এটি নিয়ামুল মুক্তার দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা কাঠবিড়ালী। প্রথম সিনেমায়ই দর্শক ও সমালোচকদের প্রশংসা পান এ নির্মাতা।
অন্যদিকে বর্তমান সময়ে আলোচিত শরিফুল রাজ। চলতি বছরে তার কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও ওটিটিতে সরব এ অভিনেতা। গত বছরে রাজ অভিনীত চারটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্য রয়েছে গুণিন, পরাণ, হাওয়া ও দামাল। চারটি সিনেমায়ই ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে দর্শকের প্রশংসা পেয়েছেন রাজ।










