আজ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানায়, তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন হবে ‘আশাসিন্ধু তীরে’। গানে ও তত্ত্বে তাকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
উৎসবের তৃতীয় দিন ১৯ অক্টোবর বেলা ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।










