প্রকাশ হলো আলোচিত চলচ্চিত্র ‘টগর’-এর প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। পোস্টারে দেখা যায়, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারার আদর আজাদ। তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ড দৃশ্য সিনেমাটির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরো গভীর করে তুলেছে। সিনেমাটির পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, পোস্টারে বলিউড-হলিউড স্টাইলে থ্রিল ও ইমোশন দুটোই ফুটে উঠেছে। পরিচালক আলোক হাসান জানান, ‘টগর শুধু একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা ও তার ভেতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শক এ সিনেমায় অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সব একসঙ্গে খুঁজে পাবেন।’ চলচ্চিত্রটি পরিবেশনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। পাশাপাশি এ প্রকল্পে পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রিমো ডিজিটাল, এলএমজিবিডি ও বিডি ফিল্মবাজ। চলচ্চিত্র প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‌‘টগর আমার ক্যারিয়ারের এখনো পর্যন্ত সেরা ছবি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’ পূজা চেরি বলেন, ‘এ ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’