সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সমালোচক ও বলিউড তারকাদের প্রশংসা পাচ্ছে সিনেমাটি। দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু তার ইনস্টাগ্রাম থেকে সিনেমাটির প্রশংসা করে এটিকে একটি ‘মাস্টারপিস’ বলে অভিহিত করেছেন।

সামান্থা লিখেছেন, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ একটি মাস্টারপিস। আলিয়া ভাটের অসাধারণ অভিনয় বর্ণনার জন্য কোনো শব্দ যথেষ্ট নয়। প্রতিটি সংলাপ ও অভিব্যক্তি আমার মনে দাগ কেটেছে।’

সোফি চৌধুরী, অনন্যা পান্ডে, আদিত্য সিল ও অনুরাগ কাশ্যপ সিনেমাটি নিয়ে বেশ প্রশংসা করেছেন।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে অনন্যা লিখেছেন, ‘এটি মাস্টার ক্লাস কাজ। প্রতিটি দৃশ্যেই তোমার থেকে চোখ ফেরাতে পারছি না আলিয়া। সঞ্জয় স্যার, আপনি জাদু দেখিয়েছেন।’

বলিউডের অন্যতম পরিচালক করণ জোহর গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। শুক্রবারে নিজের ইনস্টাগ্রামে ছবিটির একটি পোস্টার দিয়ে করণ জোহর লিখেছেন, ‘শ্বাসরুদ্ধকর, অসাধারণ কাজ। আমাদের সেরা অভিনেত্রীদের একজন আলিয়া। নিরপেক্ষভাবে আমি হূদয় থেকে বলছি, আলিয়া অনেক প্রতিভাবান। তার সম্পর্কে যা-ই বলি কম হয়ে যাবে। সঞ্জয় লীলা বানসালি একজন জাদুকর। প্রতিটি দৃশ্য তিনি নির্ভুল ও নিখুঁতভাবে করেছেন।’ ২০১২ সালে করণ জোহরের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমা দিয়ে বলিউডে আলিয়ার অভিষেক হয়েছিল।

চলচ্চিত্র নির্মাতা শশাঙ্ক খৈতান ইনস্টাগ্রাম লিখেছেন, ‘দয়া করে আপনার টিকিট বুক করুন এবং আলিয়া ভাটের নিখুঁত প্রতিভা দেখতে আপনার কাছাকাছি একটি থিয়েটারে গাঙ্গুবাই দেখতে যান।’ শশাঙ্ক খৈতান আলিয়া অভিনীত হাম্পটি শর্মা কি দুলহানিয়া এবং বদ্রিনাথ কি দুলহানিয়া পরিচালনা করেছেন।

আদিত্য শিল সিনেমাটি নিয়ে বলতে গিয়ে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছেন। অন্যদিকে বলিউডের আলোচিত পরিচালক অনুরাগ কাশ্যপ একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে আলিয়াকে বাণিজ্যিক সিনেমার সেরা অভিনেত্রী বলে অভিহিত করেন।

ভিকি কৌশল ইনস্টাগ্রামে গাঙ্গুবাই সিনেমায় আলিয়ার অভিনয় নিয়ে বলেন, ‘সিনেমাটি দেখার সময় অবাক হয়েছি। সঞ্জয় স্যার আপনি একজন মাস্টার। আলিয়া তোমার সম্পর্কে কী বলব আমি জানি না, শ্বাসরুদ্ধকর কাজ হয়েছে।’

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে। দ্বিতীয় দিনে সিনেমাটি থেকে আয় বেড়েছে প্রথম দিনের থেকে ২৫-৩০ শতাংশের বেশি। দুদিনে প্রায় ২৪ কোটি রুপি আয় করে নিয়েছে সিনেমাটি।

গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় আলিয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন অজয়দেবগন, বিজয় রাজ, জিম সার্ভ প্রমুখ।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস