নন্দিত নাট্যসংগঠন বটতলার ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। টানা চার প্রদর্শনী হবে এর। আজ বাংলাদেশ মহিলা সমিতি বেইলি রোডে বিকাল ৪টা ৩০ ও আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পরপর দুটি করে প্রদর্শনী হবে নাটকটির। 

নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রণোদিত এ নাটক প্রথম মঞ্চে আসে গত বছরের ২৪ জানুয়ারি। 

হিংসা নয় বরং ভালোবাসাই কেবল মুক্তি আনে। এমনই এক দর্শন নিয়ে নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে। 

নাটকটির নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘সখী রঙ্গমালা উপন্যাস যখন পড়ি, রঙ্গমালার প্রতি কেমন যেন দরদ কাজ করে। তার প্রেমে হাবুডুবু খাই। কিন্তু তার প্রতি প্রেম এত গুরুত্বপূর্ণ কেন? জমিদার রাজচন্দ্র চৌধুরী কামুক, প্রেমিক; দেহজ সুখ যার জীবনের একমাত্র আরাধ্য। বহু নারী তার কাম্য। রঙ্গমালা রাজচন্দ্রের ভালোবাসার, রঙ-ঢঙের মানুষ। রাজচন্দ্র চৌধুরীর স্ত্রী ফুলেশ্বরী রাই। অথচ ফুলেশ্বরী রাইয়ের সখী রঙ্গমালা! এটা কীভাবে সম্ভব? যে রাস্তা দিয়ে ফুলেশ্বরী হেঁটে যায়, তার ধূলিকণার সঙ্গে কথা বলে সে। মানুষের সঙ্গে তার সংযোগ কম। প্রকৃতির সঙ্গেই তার মূল যোগাযোগ। এ রকম একটা চরিত্র নির্মাণ করার লোভ হয়। তাই সখী রঙ্গমালা বেছে নিই।’ 

নাটকটিতে ফুলেশ্বরী রাই চরিত্রে শর্মীমালা, রঙ্গমালা চরিত্রে শাহিনূর আক্তার প্রীতি। হীরা, যজ্ঞেশ্বরী চরিত্রে কাজী রোকসানা রুমা; সুমিত্রা, গুলবদন চরিত্রে ওলিয়েন্ডার রিমা।