ওপেনহাইমারের জয়যাত্রা যেন থামছেই না। বক্স অফিসের অভাবনীয় ঝড়ের পর এবার মাতাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র আসরগুলো। অস্কারের জন্য অন্যতম সম্ভাবনাময় চলচ্চিত্র হিসেবে ধরা হয়েছে ওপেনহাইমারকে। অস্কারে যা-ই হোক, বক্স অফিসের বিবেচনায় পরিচালক ক্রিস্টোফার নোলানের জন্য আয়ের রেকর্ড তৈরি করেছে চলচ্চিত্রটি। ওপেনহাইমার থেকে তার আয় দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ডলার। কেবল নিজের ক্যারিয়ারে নয়, এর মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র তারকার কাতারে উঠলেন।

ফোর্বসের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওপেনহাইমার থেকে নোলানের মোট আয় ৮ কোটি ৫০ লাখ ডলার। তবে বিভিন্ন প্রতিনিধি ও আইনজীবীদের ফি শেষে তার পকেটে রয়েছে ৭ কোটি ২০ লাখ ডলার। গত বছর মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে চলচ্চিত্রটি। ওটিটি প্লাটফর্মের যুগেও দর্শকরা হলে এসে ওপেনহাইমার দেখেছেন। ভিড় করেছেন প্রেক্ষাগৃহে, ফলে বিশ্বব্যাপী ৯৫ কোটি ৭০ লাখ ডলার ঝুলিতে তুলেছে সিনেমাটি। 

নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল নোলানকে আয়ের ১৫ শতাংশ দিতে সম্মত হয়। যদিও সে সময় নোলানের দাবি ছিল ২০ শতাংশ। তবে ১৫ শতাংশেই শেষ পর্যন্ত মীমাংসা হয়; বাকি ৫ শতাংশ গেছে প্রযোজক ও নোলানের স্ত্রী এমা থমাসের ঝুলিতে। সাম্প্রতিক সময়ের হলিউড সিনেমা ‘মিশন: ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’-এ অভিনয়ের জন্য টম ক্রুজ পেয়েছেন আয়ের ১২ দশমিক ৫ শতাংশ। সিনেমাটি ওপেনহাইমারের মাত্র কয়েকদিন আগেই মুক্তি পায়। 

পরিচালক ক্রিস্টোফার নোলান ওপেনহাইমারকে তার ২০ বছরের ক্যারিয়ারের ‘‌সবচেয়ে সফল’ সিনেমা বলে আখ্যা দিয়েছেন। ছবিতে কিলিয়ান মারফিকে দেখা গেছে বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের চরিত্রে। গণমাধ্যম ইন্ডিওয়্যার জানিয়েছে, নোলান সিনেমার বাজেটকে ১০ কোটি ডলারের নিচে রাখার জন্য চেষ্টা করেছেন। আর তার জন্য তিনি পরিচালনা, লেখা ও প্রযোজনার ফি কমিয়েছেন। ওপেনহাইমার নোলানের জন্য ইউনিভার্সালের সঙ্গে প্রথম সিনেমা। এর আগে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত ছিলেন ওয়ার্নার ব্রসের সঙ্গে। ২০২১ সালে স্টুডিওটির বিতর্কিত সিদ্ধান্তের জবাবে তাদের সম্পর্কে পরিবর্তন আসে। 

ওপেনহাইমার অস্কারের আসরের জন্য ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। তার মধ্যে সেরা নির্মাতা, সেরা চিত্রনাট্য ও সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন নোলান। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস