এবছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি হয়েছিল ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত সিনেমাটি জলবায়ু, পরিবেশ, সর্বোপরি মাতৃত্বের গল্প বলে। আলোচিত এ সিনেমা এখন বিনামূল্যে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা। ওয়েব মাধ্যমেও দর্শকের ভালোবাসা পাচ্ছে সিনেমাটি। 

ওটিটিতে নিজের প্রথম সিনেমা মুক্তি নিয়ে খন্দকার সুমন বলেন, ‘আমাদের সিনেমাটি সম্পূর্ণ বাংলাদেশী শিল্পী ও কলাকুশলী নিয়ে নির্মিত। শুটিংয়ের আগে-পরে এ সিনেমায় বিদেশী কেউ কাজ করেনি। ফলে শতভাগ দেশী ছবি এটি। এর আগে সিনেমা হল, চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন জায়গায় করা বিকল্প প্রদর্শনীতে দর্শকরা আগ্রহ নিয়ে ছবিটি দেখেছেন। তবে অনেকেই এখনো ছবিটি দেখতে পারেননি। কারণ আমরা সবার কাছে পৌঁছাতে পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। ওটিটিতে আসায় এখন দেশের প্রতিটি প্রান্তের মানুষ সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছে।’

দর্শকের কাছ থেকে সিনেমাটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন তা নিয়ে খন্দকার সুমন বলেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা তার চলচ্চিত্রে নানা স্তরে নানা বিষয় সংহতি করে রাখেন। দর্শকরা চলচ্চিত্রটি দেখে নিজ নিজ সামর্থ্য মতো বুদ্ধিদীপ্ত চিন্তা দিয়ে তার রসাস্বাদন করেন। সাঁতাও চলচ্চিত্রের ইমেজ পড়ে যখন কেউ এর ভেতর স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা খুঁজে পান, জেনে সত্যিই খুব আনন্দ লাগে। দর্শকের কাছ থেকে ইতিবাচক মনোভাব পাচ্ছি ওটিটিতেও।’ সিনেমাটি হলে মুক্তি পেয়েছিল গত ২৭ জানুয়ারি। এরপর গত মার্চ থেকে দেশের বিভিন্ন জেলায় ছবিটির বিকল্প প্রদর্শনী হয়েছে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র সাঁতাও।