বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর। বহু বছর ধরে ভারতীয় অভিনেতাদের সঙ্গে তিনি কাজ করছেন। ছবিতে এসব অভিনেতাদের সেরা অভিব্যক্তি কীভাবে ফুটিয়ে তুলতে হয়, তা তিনি ভালো করেই জানেন। কিন্তু বিষয়টি সবসময় একই রকম ছিল না। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে তার অনেক ঘাটতি ছিল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনেতাদের সঙ্গে কাজ করতে করতে তিনি অনেক কিছু শিখেছিলেন। প্রয়াত সুপারস্টার শ্রীদেবীর সঙ্গেও তিনি কাজ করেছিলেন। সে প্রসঙ্গে সাক্ষাৎকারে তিনি একটি মজার ঘটনা বলেছেন। একই সঙ্গে সেটিকে তিনি নিজের জন্য এক বিব্রতকর মুহূর্ত বলে বর্ণনা করেন। 

সাক্ষাৎকারটির সঞ্চালক ছিলেন সাইরাস ব্রোয়াচা। এ পডকাস্টে অবিনাশ গোয়ারিকর জানান, কিছু অভিনেতা নিজেদের চেহারাকে টেকনিশিয়ানদের চেয়েও ভালো বোঝেন। তার পরই তিনি শ্রীদেবীর সঙ্গে তার কাজ করার গল্পটি বলেন। ঘটনাটি তাকে ছবি তোলার ক্ষেত্রে অভিনেতাদের পরামর্শ নিতে শিখিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন, এক্ষেত্রে নিজের অহমিকা দেখালে তিনি সেরাটি বের করে আনতে পারবেন না। ঘটনাটি ঘটেছিল ‘জুদাই’ সিনেমার সেটে। এর আগে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় অবিনাশ কাজ করেছিলেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে তার প্রথম কাজ ‘জুদাই’। বনি কাপুর তাকে এ সিনেমায় সুযোগ দিয়েছিলেন। অবিনাশ গোয়ারিকর বলেন, ‘শ্রীদেবী তখন তার ক্যারিয়ারের চূড়ায় অবস্থান করছেন। অবসরে আমি তার কিছু ছবি তোলার চেষ্টা করছিলাম। তিনি রামা নাইডু স্টুডিওর আউটডোরে বসে ছিলেন। আমি তার ছবি তুলতে গেলাম।’ তখন শ্রীদেবী অবিনাশকে বলেছিলেন, ‘তুমি প্রস্তুত হয়ে আমাকে জানাও’। তখন অবিনাশ গিয়ে দুটি রিফ্লেক্টর বসালেন। তারপর বললেন, ‘ম্যাম, আমি প্রস্তুত।’ তখন শ্রীদেবী এসে বসলেন। আয়নায় চেহারা দেখে নিলেন। তারপর অবিনাশের দিকে তাকিয়ে বললেন, ‘ব্যাক লাইট আমার নাকে লাগছে। তুমি কি এটিকে ঠিক মনে করছ?’ তখন অবিনাশ বেশ বিব্রত বোধ করেন। কারণ হয় তাকে একজন সুপারস্টারের সামনে স্বীকার করতে হবে যে তিনি নির্বোধ, তাই তিনি বিষয়টি বুঝতে পারেননি। অন্যথায় তাকে বলতে হবে যে এটি তিনি জেনে বুঝেই করেছেন। নিজের অজ্ঞতার কথা সে সময় অবিনাশ স্বীকার করতে চাননি। তাই তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, ম্যাম। আমি জানি’। 

গল্পটি বলে শ্রীদেবীর পেশাদারত্বের প্রশংসা করেন অবিনাশ গোয়ারিকর। শ্রীদেবী অবিনাশের সঙ্গে তর্ক করেননি। তিনি বলেছিলেন, ‘ঠিক আছে।’ অবিনাশ মনে করেন, এ কারণেই তারা সুপারস্টার। তারা প্রচণ্ড আত্মবিশ্বাসী। ছবি তোলার সময় শ্রীদেবী বুঝতে পেরেছিলেন, ব্যাক লাইট তার নাকে লাগছে। তার পরও তিনি অবিনাশের কথা মেনে নিয়েছিলেন। অবিনাশ গোয়ারিকর মজা করে বলেন, ‘কারণ তিনি জানতেন, এ লোক নির্বোধ। নতুন এসেছে। আমি তার সঙ্গে কেন তর্ক করব। এটা আমার জীবনের একটি বড় শিক্ষা ছিল।’ 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস