শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণে আহত সঞ্জয়
দত্ত। হাত, কনুই ও মুখে চোট লেগেছে। গতকাল বুধবার (১২ এপ্রিল) এমন খবর প্রচার হয় ভারতীয়
সংবাদমাধ্যমে। তবে বিষয়টিকে ভিত্তিহীন দাবি করলেন ‘খলনায়ক’ তারকা। খবর টাইমস
নাউ।
সঞ্জয়ের আহত হওয়া ও শুটিং বন্ধের খবরে
ভক্তদের মাঝে তোলপাড় শুরু হয়। তাই বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আশ্বস্ত করলেন
তিনি।
এ অভিনেতা লেখেন, ‘আমি আহত হয়েছি
এমন খবর দেখছি চারদিকে। সবাইকে আশ্বস্ত করে বলি, এ খবর ভিত্তিহীন। কিছুই হয়নি। খোদার
দয়ায় আমি একেবারে সুস্থ আছি।’
দক্ষিণ ভারতে কন্নড় ছবি ‘কেডি’র শুটিং করছেন
সঞ্জয় দত্ত। বর্তমানে চলছে অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন।
অভিনেতা বলেন, প্রতিটি দৃশ্য শুট করার
সময় টিমের সবাই অতিরিক্ত সতর্ক থাকে। অতএব কোনো চিন্তা নেই। যারা আমার খোঁজ নিলেন,
উদ্বেগ প্রকাশ করলেন, তাদের সবাইকে ধন্যবাদ।
‘কেডি’ হতে চলেছে সঞ্জয়ের
দ্বিতীয় সর্বভারতীয় সিনেমা। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও হিন্দি ভাষায়
মুক্তি পাবে। এর আগে সর্বভারতীয় ‘কেজিএফ টু’তে অভিনয় করেন,
যা দেশটির অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে।
১৯৭০ সালে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া সত্য
ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘কেডি’। মুখ্য চরিত্রে রয়েছেন ‘মার্টিন’ খ্যাত ধ্রুব
সারজা।
ক্যারিয়ারের কয়েক দশক পার করে বর্তমানে
বলিউডের অন্যতম তারকা সঞ্জয় দত্ত। ‘কেডি’ছাড়াও তার হাতে রয়েছে জাওয়ান, দ্য গুড মহারাজা,
গুড়চাড়ি, লিও, বাপসহ কয়েকটি ছবি। এর মধ্যে ‘লিও’র মাধ্যমে তামিল
সিনেমায় অভিষেক হবে তার।










