বছর জুড়েই দেশে কনসার্ট চলতে থাকে। আগামী মাসেও বিশাল সমারোহে ‘রক অ্যান্ড রিদম ৩.০: ট্রিবিউট ফিস্তা’ কনসার্ট হতে যাচ্ছে, যাতে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। কনসার্টে বিশ্বের নামিদামি ও ঐতিহাসিক ১২টি মেটাল ব্যান্ডকে ট্রিবিউট দেয়া হবে। বিদেশী ব্যান্ডকে ট্রিবিউট দেয়ার আয়োজন এটাই বাংলাদেশে প্রথম। ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে এরই মধ্যে শুরু হয়েছে উল্লাস। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ড গুলোও কনসার্টটি নিয়ে বেশ আগ্রহী। অনেক দলের সদস্য নিজেদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। চমকে দেয়ার মতো এমন ব্যান্ড লাইনআপের সংগীত উপভোগ করতে এরই মধ্যে তিন হাজারের বেশি শ্রোতা ইভেন্টটিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে। যা সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়বে বলে আশা করছেন আয়োজক দল।

রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিস্তা শিরোনামের এ কনসার্ট আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আগামী ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টার হলে কনসার্টটি হতে যাচ্ছে। কনসার্ট কমিটির মেহেদি হাসান বলেন, ‘এমন একটি কনসার্টের আয়োজন করা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। আগামী ৫ মে আমরা ট্রিবিউট কনসার্ট করতে যাচ্ছি। এখানে বিশ্বের লিজেন্ডারি ১৭টি ব্যান্ডলকে বাংলাদেশের ১২টি ব্যান্ড ট্রিবিউট দেবে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডগুলো এখানে নিজেদের কোনো গান গাইবে না। তারা শুধু বিদেশী ব্যান্ডগুলোর গান কাভার করবে।’  

রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিস্তা কনসার্টে যেসব দলকে বাংলাদেশের ব্যান্ডগুলো ট্রিবিউট দেবে তাদের নামের তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে আয়োজক কমিটি। এদের মধ্য রয়েছে আয়রন মেইডেন, মেটালিকা, প্যান্টেরা, অল্টার ব্রিজ, জিমি হ্যান্ড্রিক্স, বব ডিলান, বব মার্লে, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গান্স অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম ও পিংক ফ্লয়েডকে ট্রিবিউট দেয়া হবে। 

ট্রিবিউটে অংশগ্রহণ করবে আর্টসেল, নেমেসিস, ক্রিপটিক ফেট, আর্বোভাইরাস, পাওয়ারসার্জ, ইন্দালো, মেকানিক্স, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস। এখন অপেক্ষার পালা কনসার্টটির জন্য।