সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এর পর গত বছর মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দাগি’। সিনেমাটি দেশ ও দেশের বাইরে দর্শকের প্রসংশা পায়। এছাড়া গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় স্বল্প সময়ের অতিথি চরিত্র ‘সুড়ঙ্গ’র মাসুদ হিসেবে দেখা দিয়েও দর্শকমনে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। এদিকে কয়েক বছর আগেও টেলিভিশনের পর্দায় মাসে একাধিক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যেত তাকে। কিন্তু সিনেমায় পা রাখার পর দীর্ঘমেয়াদি কোনো প্রকল্পে তাকে দেখা যায়নি। দীর্ঘদিনের বিরতির কারণে তার অনুপস্থিতি অনেক ভক্তের মনে শূন্যতা তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত নাটকে ফেরার দাবি উঠলেও এখন পর্যন্ত সে সম্ভাবনা খুবই কম। বর্তমানে নিশোকে দেখা যায় মূলত বছরে এক-দুটি চলচ্চিত্রে কিংবা ওয়েব কনটেন্টে। মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে উপস্থিত থাকেন তিনি। তাই তার প্রতিটি নতুন কাজ নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে থাকে। এবার সে অপেক্ষার অবসান হতে চলেছে। গতকাল উন্মোচন করা হয়েছে আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’র দুটি পোস্টার। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ, যিনি নিশোর সঙ্গে বহু সফল নাটক উপহার দিয়েছেন। সিরিজটি প্রকাশ করবে জনপ্রিয় ওয়েব প্লাটফর্ম হইচই। নির্মাতা ভিকি জাহেদ জানান, ‘আঁকা আমার জন্য এক আবেগঘন যাত্রা। এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এটি প্রথমবারের মতো সোশ্যাল থ্রিলার। আমি দর্শকের সঙ্গে এক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছি, প্রকাশের পর ফলাফল জানতে পারব। এছাড়া নিশো ভাইয়ের সঙ্গে ওয়েব সিরিজে প্রথমবার কাজ করছি, নাবিলাও ওয়েব সিরিজে প্রথম কাজ করছে। তাই এটি দারুণ অভিজ্ঞতা।’ অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আঁকা আমার জন্য বিশেষ, কারণ ওয়েব সিরিজে এটি আমার প্রথম অভিজ্ঞতা। ভালো লাগার পাশাপাশি ভাবছি দর্শক কেমন প্রতিক্রিয়া দেবে। কাজের অভিজ্ঞতা খুবই আনন্দদায়ক।’ পোস্টারে নিশোকে দেখা গেছে রাফ অ্যান্ড টাফ লুকে, লম্বা চুলে, মুখের একাংশ আড়াল করে রহস্যময় ভঙ্গিতে উপস্থিত। পোস্টার থেকে ধারণা করা যাচ্ছে, এটি একটি থ্রিলিং অ্যাকশন গল্প হবে। সিরিজটির মুক্তি নির্ধারণ হয়েছে আগামী সেপ্টেম্বর, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আঁকা সিরিজটির শুটিং শুরু হয় এ বছরের মার্চে। ঢাকা ও এর বাইরের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের পর ২০ জুন উত্তরা এলাকায় চূড়ান্ত শুটিং শেষ হয়। প্রথমে সিরিজটির নাম ছিল ‘আজাদ’, পরে এটি আঁকা নামের অধীনে প্রকাশিত হবে। এ ওয়েব সিরিজে প্রথমবারের মতো জুটি বাঁধলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এখন দর্শকের অপেক্ষা শুধু এর মুক্তির দিনটির।