দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোহানা সাবা। নাটক ও সিনেমা দুই পর্দায়ই বিচরণ তার। এবার ক্যারিয়ারে নতুন সূচনা করতে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে অভিনয় করলেও এবার প্রযোজনায় আসছেন এ অভিনেত্রী।
সোহানা সাবা জানান, আগামী কয়েক মাসের মধ্যে তিনি সিনেমা প্রযোজনায়ও আসছেন। যাতে গল্পের প্রধান চরিত্রে তিনি নিজেই অভিনয় করবেন। তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘খামারবাড়ি’ থেকে সিনেমাটি প্রযোজিত হবে বলে নিশ্চিত করেছেন সোহানা সাবা। এছাড়া একটি ওয়েব সিরিজেও কাজ করতে যাচ্ছেন। সিনেমা প্রযোজনা প্রসঙ্গে জানতে চাইলে সোহানা সাবা বলেন, ‘প্রযোজনা করার ইচ্ছে ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে এ বছরের শেষেই খামারবাড়ি থেকে প্রযোজনায় আসছি। সবার দোয়া চাই আমি। আর আজ জন্মদিন। আজকের দিনটা নিজের মতো করেই উদযাপন করতে চেয়েছি বিধায় দেশের বাইরে চলে এসেছি। আশা করছি সময়টা ভালো কাটবে। শ্রদ্ধেয় অরুণা দিদির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’-এ আমি অভিনয় করেছি, এ আমার পরম ভালো লাগা। আর দেশে ফিরে অরুণা দিদির অসম্ভব সিনেমার প্রচারণায় থাকার আন্তরিক চেষ্টা থাকবে আমার। এছাড়া একটি ওয়েব সিরিজের কাজ শুরু করব শিগগির। ওয়েব সিরিজ নিয়ে এ মুহূর্তে এর বেশি বলব না।’
২০ অক্টোবর অসম্ভব সিনেমা মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পরিচালক অরুণা বিশ্বাস। এ সিনেমায় প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। সিনেমাটিতে সাবার চরিত্র নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্র হলো একটা মেয়ের জার্নি নিয়ে। তার কলেজে পড়াশোনা করার কিছু গল্প দেখানো হয়েছে এতে। বিয়ের পর ওই মেয়েটা একটা বাড়িতে আসে। পর্দায় ওই বাড়ির গল্পটা দেখানো হয়েছে। খুব গোছালো পারিবারিক গল্প, যেখানে নানা রকম সংকট রয়েছে। মানিকগঞ্জে খুব সুন্দর একটা পরিবেশে আমরা শুটিং করেছি। আর কিছু শুটিং ঢাকায় হয়েছে। মানিকগঞ্জের শুটিং মূলত অরুণা দিদির বাড়ির কাছেই ছিল। সব মিলিয়ে চমৎকার অভিজ্ঞতা।’
এছাড়া নতুন সূচনা করতে যাচ্ছেন এ অভিনেত্রী। তবে সেটা অভিনয়কেন্দ্রিক নয় বরং আত্মকেন্দ্রিক। দীর্ঘ সতেরো বছর ধরে সাবা নিয়মিত মেডিটেশন করে আসছেন। পাশাপাশি বেশ কয়েক বছর তিনি ইয়োগাও করছেন নিয়মিত। ‘হৃষিকেশ’ থেকে তিনি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সও সম্পন্ন করে এসেছেন। এবার নিজের ইয়োগা প্রশিক্ষণ সেন্টার শুরু করতে যাচ্ছেন সাবা। এ বিষয়ে এ অভিনেত্রী জানান, রাজধানীর গুলশানে ইয়োগা প্রশিক্ষণ সেন্টারটি করতে যাচ্ছেন তিনি। নার্সারি থেকে এ লেভেল পর্যন্ত তিনি ইয়োগা প্রশিক্ষণ দেবেন। সোহানা সাবা তার নিজের প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘ইয়োগিস’। এ নিয়ে সোহানা সাবা বলেন, ‘অনেকেই আমাকে ইয়োগা শেখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বিধায় আমি ইয়োগার টিচার্স ট্রেনিং কোর্সটা সম্পন্ন করেছি। যে কারণে শিগগিরই ‘ইয়োগিস’-এর যাত্রা শুরু হতে যাচ্ছে। ইয়োগা থেকে ইয়োগি ও নিজের নাম থেকে এস নিয়ে এ নামকরণ করেছি। ইয়োগিস ও আমার প্রযোজিত সিনেমার জন্য সবার সহযোগিতা আর দোয়া চাই।’
সোহানা সাবা ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু তার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’র কাজ। সিনেমাটি নির্মাণ করছেন দেশবরেণ্য নির্মাতা-অভিনেতা আফজাল হোসেন। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমায় সাবার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনকাহিনী নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মানিকের লাল কাঁকড়া। ফেরদৌস এ সিনেমায় লেখকের চরিত্রে অভিনয় করছেন। আর সোহানা সাবাকে দেখা যাবে কণ্ঠশিল্পীর চরিত্রে। তাদের চরিত্র দুটির নাম মুহিত ও ঝর্ণা কাজী।










