নতুন করে গঠন করা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এছাড়া চলচ্চিত্রসংশ্লিষ্ট আরো কয়েকটি অঙ্গনে সংস্কার এসেছে। সিনেমা আমদানি-রফতানি কমিটিতেও পুনর্গঠন করা হয়েছে।
এরই মধ্যে সিনেমা আমদানি-রফতানি কমিটির প্রথম বৈঠক হয়। তাদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় বলিউডের সিনেমা স্ত্রী টু বাংলাদেশে মুক্তি পাবে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে প্রহেলিকা।
অমর কৌশিক পরিচালিত এবং শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’ মুক্তির পরই দর্শকের প্রশংসা পাচ্ছে।
মুক্তির দুই মাস পেরিয়ে গেলেও সিনেমাটি ভারতের বক্স অফিস মাতিয়ে রেখেছে। এটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছিল ২৯১ কোটি ৬৫ লাখ রুপি। স্ত্রী টুতে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ছাড়া আরো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপরশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারো সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।
বলিউডের আলোচিত স্ত্রী টু কবে বাংলাদেশে মুক্তি পাবে এ বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি। তবে সিনেমাটি শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে গত বছর মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা। এ সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। দীর্ঘ আট বছর পর প্রহেলিকার মধ্য দিয়ে বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। সিনেমাটি মুক্তির পর দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়িয়েছিল।










