ভালোবাসা দিবসকে সামনে রেখে দীর্ঘ সময় পর ফের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীততারকা বাপ্পা মজুমদার। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নিজেই জানিয়েছেন তার আসন্ন গানটির বিষয়ে।
গানটির শিরোনাম ‘কিছু নেই যার’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় আজ আসতে যাচ্ছে বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের গান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আজ গানটি প্রকাশ পেতে যাচ্ছে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
জুলফিকার রাসেলের কথায় টিনা রাসেলের জন্য তৈরি গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম। এটা ভালো লাগার বিষয়। ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’
সংগীতাঙ্গনের অন্যতম সফল-প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। তবে ১২ বছর ধরে এ জুটি একসঙ্গে কোনো গান নিয়ে কাজ করেননি। তাদের শেষ গান প্রকাশ পেয়েছিল ২০১০ সালে। এ নিয়ে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। প্রায় এক যুগ পর যখন টিনার গানের সূত্র ধরে আবার যুক্ত হলাম, পুরনো হাজার স্মৃতি মনে পড়ল। নতুন করে\
শুরু হলো আমাদের কাজ। আশা করছি সামনে বাপ্পা-জুলফি জুটির বেশকিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা।’
‘কিছু নেই যার’ গানটির ভিডিওতে মডেল হয়েছেন টিনা রাসেল। এটি নির্মাণ করেছেন বাপ্পা মজুমদার নিজেই। বাপ্পা-জুলফি জুটির গান করে উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘তাদের কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। এই জুটির সঙ্গে গান করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এবার পূরণ হলো। আরো বেশি ভালো লাগছে এই ভেবে, এক যুগ পর বাপ্পা-জুলফিকার জুটি আবার গান করলেন। আর সেই গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হলো আমার। আশা করছি শ্রোতারা মুগ্ধ হবে গানটি শুনে।’










