ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের আসর এবারো বসেছিল বরাবরের মতো। এ আসরে আজীবন সম্মাননা দেয়া হলো হ্যারিসন ফোর্ডকে। হ্যারিসন ফোর্ডকে পরিচয় করিয়ে দেন তার সাম্প্রতিকতম সিনেমা ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র পরিচালক জেমস ম্যানগোল্ড। তিনি হ্যারিসনকে ‘হাইপারজায়ান্ট’ বলে উল্লেখ করেন।

হ্যারিসনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ম্যানগোল্ড বলেন, ‘মহাবিশ্বের বৃহত্তম নক্ষত্রগুলোকে হাইপারজায়ান্ট ভ্যারিয়েবল বলা হয়। হাইপারজায়ান্টগুলো আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। একেকটা হাইপারজায়ান্ট এতো বড় হতে পারে, যার মধ্যে আমাদের ৫০০ কোটি সূর্য এঁটে যাবে। আর সেগুলো এত ভারী যে অনেককে নিজের দিকে টেনে আনে। হ্যারিসন ফোর্ড অবশ্যই একজন তারকা। তবে খুব উজ্জ্বল এক তারকা। তিনি এতটাই উজ্জ্বল যে তার আলো আর উষ্ণতা এ কক্ষের সব মানুষের পাশাপাশি এ গ্রহের সব দর্শকের কাছেও গেছে।’

ম্যানগোল্ড এরপর হ্যারিসনের ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলেন। এর মধ্যে আমেরিকান গ্রাফিতি থেকে ব্লেড রানার পর্যন্ত সবই ছিল। ম্যানগোল্ড বলেন, ‘স্টার ওয়ারসে তিনি হ্যান সোলোর মতো চরিত্র করেছেন। আর ইন্ডিয়ানা হোনসের প্রধান চরিত্র। সে প্রত্নতাত্ত্বিক যিনি স্কুলগামী বহু কিশোরের অ্যাডভেঞ্চারের নেশা তৈরি করেছিলেন।’

হ্যারিসন ফোর্ড মঞ্চে উঠলে তাকে স্ট্যান্ডিং ওভেশন দেয়া হয়। এ সময় ক্যামেরা প্যান করে তার স্ত্রী ক্যালিস্টা ফ্লকহার্টের দিকে যায় এবং তাকে অশ্রুসিক্ত চোখে হাসতে দেখা যায়। 

হ্যারিসন নিজেও আবেগাপ্লুত হয়েছিলেন। তিনি বলেন, ‘প্রথমেই বলতে চাই, এখানে থাকতে পেরে আমি দারুণ আনন্দিত। এখানে উপস্থিত অনেকের সঙ্গেই আমি ক্যারিয়ারের শুরু থেকে কাজ করেছি। তার মধ্যে ফেরার আনন্দ কাজ করছে আমার মধ্যে।’

এরপর তিনি এ অর্জন নিয়ে কথা বলেন। ফোর্ড বলেন, ‘এ পর্যন্ত পৌঁছতে পেরেছি আমার ভাগ্য ও অসাধারণ সব পরিচালক, লেখক ও নির্মাতার সঙ্গে কাজ করার কারণে। আমি নিজেকে সে কারণে খুবই সৌভাগ্যবান মনে করি। আমি এ সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত।’

আবেগাপ্লুত ফোর্ড ধন্যবাদ দিয়েছেন তার স্ত্রীকে। তিনি বলেন, ‘এ অর্জনের জন্য আমি ধন্যবাদ দিই আমার স্ত্রীকে। সে সবসময় আমাকে সমর্থন দিয়েছে। তার সমর্থন ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না।’ পাশাপাশি সহ-অভিনেতাদের ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি অসাধারণ সব অভিনেতাদের ধন্যবাদ দিতে চাই, যাদের সঙ্গে কাজ করার সুযোগ আমি পেয়েছি। আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। আজ আর সময় নষ্ট করব না আপনাদের। সবাইকে ধন্যবাদ।’

সূত্র: দ্য হলিউড রিপোর্টার