সন্দেহ নেই বরুণ ধাওয়ানের সাম্প্রতিক ছবিগুলো নিয়ে তার অনেক ভক্ত সন্তুষ্ট নন। খুব যেন বাজারি সিনেমা করছেন বরুণ। বাদলাপুর, অক্টোবর কিংবা সুই ধাগায় বরুণ ধাওয়ানের যে অভিনয় দক্ষতার প্রমাণ পাওয়া যায় তা যেন তিনি আর নিজেই দেখাতে চাইছেন না। ভক্তদের একটি অংশের এমন অভিযোগ, অসন্তুষ্টির জবাব দিতে গিয়ে বরুণ বলেছেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ দর্শকের প্রতিক্রিয়া এবং তিনি কেবল আম দর্শকদের জন্যই কাজ করেন।

বরুণ ধাওয়ানের বড় পর্দায় অভিষেক ২০১২ সালে। দারুণ নাচের দক্ষতা ও তারুণ্যে ভরপুর গ্ল্যামার দিয়ে দ্রুতই দর্শকদের মনোযোগ কেড়েছিলেন। একদিকে ছিল জুড়ুয়া টু, স্ট্রিট ড্যান্সার থ্রিডি, স্টুডেন্ট অব দ্য ইয়ারের মতো বাণিজ্যিক ছবি; পাশাপাশি কাজ করেছেন বাদলাপুরের মতো ছবিতে।

বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের গ্রাফ দেখে পর্যবেক্ষকরা বলছেন তিনি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় নায়ক হতে চাইছেন। বরুণ নিজে বলেছেন, ‘অবশ্যই। আমি সাধারণ মানুষের ছবি খুব পছন্দ করি। এ রকম ছবি করতে পারলে আমি দারুণ খুশি হই। এসব ছবি করা কঠিন কাজ। এসব ছবি খুব রঙচঙা হয় এবং এগুলো করার জন্য দৃঢ় প্রতিজ্ঞার দরকার হয় এবং আমি এটা উপভোগ করি।’

আইএএনএসকে বরুণ ধাওয়ান আরো বলেন, ‘আমার জন্য একটা ছবি নির্মাণ মানে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করা। সাধারণ মানুষের কাছ থেকে আপনি যে প্রতিক্রিয়া পাবেন, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বরুণের নতুন ছবি কুলি নাম্বার ওয়ান। ছবিটি সমালোচকদের পছন্দ না হলেও সাধারণ দর্শকদের আনন্দ দিয়েছে। ‘আমার বাড়ি জুহুতে। আমি বড় হয়েছি জুহু সৈকতের উল্টোদিকে। তাই এখানকার মানুষই আমার দর্শক। সাধারণ দর্শকদের জন্যই আমি কাজ করি।’ বাজারি ছবি করার জন্য বরুণকে যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশে তার জবাব, আমি এমনই এবং আমি এসব সমালোচনা পাত্তা দিই না।

 

সূত্র: ডিএনএ