৩১ মে মুক্তি পেয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি। সিনেমায় অভিনয় করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। এ সিনেমা মুক্তির পর থেকে তিনি ক্রমাগত এর প্রচারেই সময় দিয়েছেন। সঙ্গে ছিল অন্যান্য সিনেমার শুটিং। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ১৮ জুলাই তাকে হাসপাতালে নেয়া হয়। বলা হয় খাদ্যে বিষক্রিয়ায় এমন হয়েছে।
হাসপাতাল থেকে গত মঙ্গলবার ছাড়া পান জাহ্নবী। তিনি জানান, তার শরীর অত্যন্ত খারাপ হয়েছিল এবং তিনি খুবই দুর্বল অনুভব করছেন। এক মাসে একই সঙ্গে চারটি গানের টানা শুটিং করেছেন তিনি।
এ নিয়ে টাইমস নাউকে জাহ্নবী বলেন, ‘চেন্নাইয়ে গিয়েছিলাম আধা দিনের জন্য। আমার মনে হয় এয়ারপোর্টের কোনো খাবার থেকেই এ সমস্যা দেখা দেয়। এরপর শুরু হয় আরো বেশকিছু সমস্যা। দুর্বলতার কারণে আমি রীতিমতো কাঁপছিলাম।’
জাহ্নবী কাপুরের বয়স এখন ২৭ বছর। এ রকম বয়সে বড় ধরনের সমস্যা দেখা দেয় না। কিন্তু তার অসুস্থতার পর ডাক্তাররা রীতিমতো চিন্তায় পড়েছিলেন এবং কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। জাহ্নবী বলেন, ‘লিভার এনজাইম স্বাভাবিক ছিল না। এজন্য ডাক্তাররা ভয় পেয়েছিলেন। তিন-চারদিন হাসপাতালে রেখে তারা পর্যবেক্ষণ করেছেন।’
অসুস্থতার মধ্যেও অভিনেত্রী চিন্তিত ছিলেন তার অভিনয় নিয়ে। পারফরম্যান্সের কথাই বারবার ঘুরেফিরে তার মনে হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘আমি কেবল ভাবছিলাম এরপর ঠিকমতো পারফর্ম করতে পারব কিনা। নাচতে পারব কিনা। গানের সিকোয়েন্সগুলো এখনো শেষ করা বাকি।’
শারীরিক অসুস্থতার কারণে বেশ ভেঙে পড়েছিলেন জাহ্নবী। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল আমি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছি। কিংবা বলা যায় এক রকম অবশ হয়ে গেছে আমার সারা শরীর।’
তবে ডাক্তাররা জানাচ্ছেন দ্রুতই ঠিক হয়ে যাবেন জাহ্নবী। বেশকিছু সিনেমা হাতে আছে তার। এর মধ্যে জুনিয়র এনটিআরের বিপরীতে আছেন দেবারা সিনেমায়। এছাড়া উলঝা রাম চরণের ১৬তম সিনেমা এবং করণ জোহর প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










