বক্স অফিস নিয়ে দুশ্চিন্তায়ই আছে হলিউড। বছরের প্রথম ছয় মাসে আশানুরূপ ব্যবসা হয়নি। সিনেমা নিয়েও খুব একটা প্রশংসিত হয়নি হলিউড। তবে বছরের দ্বিতীয়ার্ধে কয়েকটি সিনেমায় বাজি ধরতে পারে এ ইন্ডাস্ট্রি। ব্যবসা যদি খুব ভালো নাও হয় সিনেমাগুলো প্রশংসিত হবে তা নিয়ে আর কোনো সন্দেহ নেই। কেননা ফার্স্ট লুকেই দর্শকের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে সিনেমাগুলো। এর মধ্যে প্রথমেই থাকছে জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘‌নেপোলিয়ন’। রিডলি স্কট পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে মঙ্গলবার। তার পর থেকেই প্রশংসিত হচ্ছেন জোয়াকিন ফিনিক্স। নেপোলিয়নের রেশ কাটতে না কাটতেই গতকাল মুক্তি পেয়েছে টিমোথি শ্যালামে অভিনীত ‘‌ওঙ্কা’র ট্রেলার। তাকে নিয়েও আশাবাদী দর্শক।

নেপোলিয়নের ট্রেলার যেন হঠাৎই এল। এর মধ্যে হলিউড ও জোয়াকিন ফিনিক্সের ভক্তরা অপেক্ষা করছিলেন ‘‌জোকার টু’র জন্য। সিনেমাটি মুক্তি পেতে সময় লাগবে আরো এক বছরের বেশি। তবু জোকারের লুক, হার্লে কুইনরূপী লেডি গাগার সঙ্গে জোয়াকিনের রসায়ন নিয়ে দর্শক আগ্রহী। এ বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল ফিনিক্স অভিনীত ‘‌ব্যু ইজ অ্যাফরেইড’। তবে সিনেমাটি সাধারণ দর্শকের ততটা ভালো লাগেনি। কিন্তু ফিনিক্সকে নিয়ে তারা আগ্রহী এবং নেপোলিয়নের ট্রেলারে তা আরো বাড়িয়ে দিলেন জোয়াকিন। 

এ সিনেমার মাধ্যমে বহুদিন পর রিডলি স্কটের সিনেমায় অভিনয় করছেন জোয়াকিন। এর আগে গ্ল্যাডিয়েটরে দেখা গিয়েছিল তাকে। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন ফিনিক্স। অন্যদিকে নেপোলিয়নের ট্রেলার দেখে বোঝা গেল সিনেমায় ব্যক্তি নেপোলিয়নের আদ্যোপান্ত আনছেন স্কট। আর সেখানে ফিনিক্সের অভিনয় নিয়ে এরই মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শক।

নেপোলিয়নের রেশের মধ্যেই মুক্তি পেয়েছে ‘ওঙ্কা’র ট্রেলার। হ্যারি পটারের নির্মাতাদের হাত ধরে আসছে ফ্যান্টাসি জনরার এ সিনেমা। টিমোথি শ্যালামে অভিনয় করছেন মূল চরিত্রে। সিনেমায় আরো থাকছেন রোয়ান অ্যাটকিনসন ও রায়ন গসলিং। টিমোথি তরুণদের মধ্যে কতটা জনপ্রিয় তা নতুন করে বলার প্রয়োজন নেই। নভেম্বরে মুক্তি পাচ্ছে টিমোথি অভিনীত ‘‌ডুন: পার্ট টু’। এর পরই আসছে ‌ওঙ্কা। ট্রেলারে টিমোথির লুক মনে করিয়ে দেয় ‘‌চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’র জনি ডেপকে। প্রায় একই রকম পোশাক-আশাকে দেখা গেছে টিমোথিকে। কেননা সিনেমার গল্পটি মূলত ‘‌চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি’র প্রিকুয়েল।

সিনেমার ট্রেলার আসতে না আসতে টিমোথিকে নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এরই মধ্যে টিমোথি তরুণদের জন্য ভিন্ন মাত্রায় উপস্থিত হয়েছেন। অন্যদিকে এ দুই সিনেমায় দুই প্রজন্মের অভিনেতারা প্রশংসা পাচ্ছেন। সিনেমাও মুক্তি পাবে কাছাকাছি সময়ে। আশা করা যাচ্ছে ভালো সিনেমার পাশাপাশি বক্স অফিসেও সফল হবে ‌ওঙ্কা ও নেপোলিয়ন।

সূত্র: ভ্যানিটি ফেয়ার