মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে বড় আকর্ষণের জায়গা কোনটা? এক শব্দে অনেকে উত্তর দেবেন, অ্যাভেঞ্জার্স। কথা সত্য, তবে এর পেছনে আছে আরেকটি বিষয়। অ্যাভেঞ্জার্সকে তৈরি করার পেছনে ছিল ‘শিল্ড’ আর শিল্ডের নেপথ্য কারিগর নিক ফিউরি। সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছেন দু-একবার, কিন্তু অ্যাভেঞ্জার্স ও শিল্ডের জন্য ঠিকই অনেকটা ত্যাগ আছে নিকের। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অনেকদিন নেই নিক ফিউরি। গল্প ও পরবর্তী ফেজ সাজানোর জন্যই বাদ পড়েছেন তিনি। কিন্তু এবার নিককে ফেরাল মার্ভেল। সেই সঙ্গে ফিরেছে মার্ভেলের পরিচিত ধারা।
গতকাল মুক্তি পেয়েছে মার্ভেলের মিনি সিরিজ ‘সিক্রেট ইনভেশন’। নিককে ঘিরেই এর মূল কাহিনী। স্ক্রালস ও পৃথিবীর মধ্যকার দ্বন্দ্বটি এখানে এসেছে, যার কেন্দ্র হয়ে ওঠেন নিক ফিউরি। নিকের বাহ্যিক চেহারাও বদলে গেছে এ সিরিজে। পরিচিত সে আইপ্যাচ নেই। নিকের মুখভর্তি দাড়ি। এ সিরিজে নিক কিছু রহস্য উদঘাটন করতে চান এবং এজন্য তিনি সাহায্য নেন তার সহকর্মী মারিয়া হিল ও স্ক্রালের বন্ধু তালোসের।
মার্ভেলের অন্যান্য সিনেমা বা পুরনো কনটেন্টের ধাঁচটা ধরেছে সিক্রেট ইনভেশন। এমন বলার সুযোগ নেই যে অ্যাভেঞ্জার্স এন্ডগেম বা ইনফিনিটি ওয়ারের মতো কিছু হচ্ছে। অতটা পরিসর এ সিরিজ নেয়নি, তা বলাই হয়েছে। এছাড়া ম্যাজিক্যাল ফেজ শিফটিংয়ের ব্যাপারটি ঠিক রেখেছেন এর নির্মাতারা। মার্ভেলের পাশাপাশি তারা ফিরেছেন হলিউডের পুরনো ধাঁচে। সত্তরের দশকের স্পাইদের গল্পের মতো করে এগোয় গল্পের গতি। বিশেষ করে বলতে হয় ডন সেইগেলের ১৯৫৬ সালের একটি স্পাই থ্রিলার থেকে সিক্রেট ইনভেশন অনুপ্রাণিত।
সিরিজের ক্ষেত্রে মার্ভেল একটা সময় বেশ ভালো কাজ করেছে। এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার অন্যতম। এ ধারার কাজ থেকে মার্ভেল দূরে ছিল অনেকগুলো দিন। সিক্রেট ইনভেশন মার্ভেল ভক্তদের সে সিরিজের কথা মনে করিয়ে দেবে। যেখানে ছিল একটা নিরেট গল্প ও সে গল্পে ধাপে ধাপে এগিয়ে যাওয়া। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কাজ করেছে সুপারহিরোদের নিয়ে, কিন্তু সিরিজে সুপারহিরোর তুলনায় তারা অনেক বেশি মানুষ। সিক্রেট ইনভেশনে নিক ফিউরিও একজন মানুষ তবে জবরদস্ত এক স্পাই।
তার পরও প্রশ্ন থাকে সিরিজটি আসলেও অতটা ভালো হয়েছে কিনা। সমালোচকরা বলছেন পারফেক্ট না হলেও সিরিজটি মার্ভেলের অন্যান্য কনটেন্টের তুলনায় ভালো হয়েছে। সিরিজে আছে বেশ ভালো একটি কাস্ট, যারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। বিশেষত স্যামুয়েল এল জ্যাকসন এ সিরিজে যেমন অভিনয় করেছেন, তা তাকে নতুন করে আবার পরিচয় করিয়ে দিল নিক ফিউরি হিসেবে। পাশাপাশি এ সিরিজ মার্ভেল ভক্তদের নতুন করে আশা দিচ্ছে মার্ভেলের পুরনো ধারার কনটেন্ট ফিরে আসার।
সূত্র ও ছবি: ইয়ন










