ভারতের জামনগরে ১ মার্চ শুরু হয়েছে দেশটির শীর্ষ ধনীদের একজন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ-পূর্ব উৎসব। তিন দিনব্যাপী এ উৎসবে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় সব তারকা মুখ। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিত, অনিল কাপুরসহ আরো অনেক বলিউড সেলিব্রিটি উপস্থিতি হয়েছেন জামনগরে। তবে সবাইকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে ছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা। শুক্রবার রিহানা আম্বানিদের অনুষ্ঠানে পারফরম্যান্সে মাতিয়েছেন উপস্থিত আমন্ত্রিতদের। ভারতে এটিই তার প্রথম শো।

রিহানাকে দেখা গেছে নিওন-সবুজ রঙের উজ্জ্বল পোশাকে। তিনি নব দম্পতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তিনি রাধিকা মার্চেন্টের নামটি ভুল উচ্চারণ করেন। এ নিয়ে রীতিমতো সোস্যাল মিডিয়ায়ও সমালোচনা চলছে। তবে তাকে তার পারফরম্যান্সের পর দেখা গেছে আম্বানি পরিবারের সদস্যদের সঙ্গে নাচছেন। 

রিহানা তার পারফরম্যান্স শুরু করেছেন ‘সবাইকে শুভ সন্ধ্যা’ বলে। তিনি আরো বলেন, ‘আজ রাতে এখানে উপস্থিত থাকা আমার জন্য সম্মানের। আমি কখনো ভারতে আসিনি। আম্বানি পরিবারকে ধন্যবাদ, তাদের কারণেই আমি আজ রাতে এখানে আছি। অনন্ত ও রাদিকি (রাধিকা), আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য।’ 

এরপর রিহানা এ যুগলকে অভিনন্দন জানিয়েছেন তাদের নতুন জীবনের জন্য। অনুষ্ঠানে রিহানা তার সব সুপার হিট গানে নেচেছেন। আমন্ত্রিত সব অতিথি তাকে মঞ্চে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। অতিথিরা রিহানার সুপার হিট গানের লাইনগুলো যেমন ডায়মন্ডস, ওয়াইল্ড থিংকস ও পোর ইট আপের সঙ্গে গলা মিলিয়েছেন। রিহানাকে এ পারফরম্যান্সের জন্য আম্বানিরা দিয়েছেন ৭৪ কোটি রুপি। 

শনিবার সকালে রিহানা ভারতকে বিদায় জানিয়েছেন। তাকে দেখা গেছে জামনগর বিমানবন্দরে। সেখানে যাওয়ার আগে রিহানা জানিয়েছেন, অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে। ভক্তদের সঙ্গে ছবি ও অটোগ্রাফ দিয়ে ভারত থেকে বিদায় নিয়েছেন পপ তারকা রিহানা।

জামনগরে জমকালো উদযাপনে অনন্তের মা নিতা আম্বানি বলেছেন, ‘আমি চেয়েছিলাম আমাদের উৎসবগুলো আমাদের শিল্প ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে হোক এবং আমাদের প্রতিভাবান সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম দ্বারা সৃষ্ট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন হোক। তাই ভারতের একাধিক তারকা শিল্পীদের নিয়েই এ আয়োজন।’ এ বছরের জুলাইয়েই মুম্বাইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস